
পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগেই চাঁপাইনবাবগঞ্জে পাইকারি ও খুচরা বাজারের ডাল, তেল, পেঁয়াজসহ ১৩টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য তুলে ধরেন চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ।
তিনি বলেন, চালের দাম স্থিতিশীল থাকলেও ডাল, ভোজ্যতেল, পেঁয়াজসহ ১৩টি নিত্যপণ্যের দাম বেড়েছে। ব্যবসায়ীরা ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখের মধ্যে এসব পণ্যের দাম বাড়িয়েছেন।
চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, কিছু পণ্য রয়েছে, যেগুলো স্থানীয় ব্যবসায়ীদের অতিরিক্ত দামে কিনতে হচ্ছে। বিশেষ করে ভোজ্যতেল নিয়ে চলছে অস্থিরতা। মিল থেকে ব্যবসায়ীদের প্রয়োজনীয় তেল দেওয়া হচ্ছে না। এসব পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ চান তিনি।
মতবিনিময় সভায় জানানো হয়, আসন্ন রমজান মাসের রোজা চলাকালীন প্রশাসনের পাশাপাশি চেম্বার অব কমার্সের একটি মনিটরিং টিম কাজ করবে। স্থানীয় ব্যবসায়ীরা যদি পণ্য মজুত করে দাম বাড়ানোর চেষ্টা করেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আব্দুল বারেক, শহীদুল ইসলামসহ অন্যরা।

