
রাজশাহী থেকে প্রকাশিত জনপ্রিয় দৈনিক উত্তরা প্রতিদিন-এর প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম আব্দুল্লাহ আল-মাহমুদ বাবলুর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সন্ধ্যা ৭টায় রাজশাহী মহানগরীর দড়িখরবোনায় পত্রিকাটির কার্যালয়ে এ আয়োজন করা হয়।
উত্তরা প্রতিদিন পত্রিকার সম্পাদক এনায়েত করিমের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য দেন রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সাধারণ সম্পাদক ও রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (আরটিজেএ) সাধারণ সম্পাদক রাসেল মোস্তাফিজ, উত্তরা প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও মরহুমের সহধর্মিণী মৌসুমী মাহমুদ এবং উত্তরা প্রতিদিনের বার্তা সম্পাদক আমজাদ হোসেন শিমুল।
এছাড়া, এক সময়ের সহকর্মী হিসেবে মরহুম আব্দুল্লাহ আল-মাহমুদ বাবলুকে স্মরণ করে বক্তব্য দেন একাত্তর টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান রাশিদুল হক রুশো, উত্তরা প্রতিদিনের জ্যেষ্ঠ ফটো সাংবাদিক আসাদুজ্জামান আসাদ ও কম্পিউটার ইনচার্জ শরিফুল ইসলাম শিমুল।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থা- রাজশাহী মহানগরীর সভাপতি গুলবার আলী জুয়েল, নাগরিক টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি সাখাওয়াত হোসেন সাদী, উত্তরা প্রতিদিনের বিশেষ প্রতিবেদক সুজন আলী, প্রধান প্রতিবেদক আবু সাঈদ রনি, চ্যানেল ওয়ানের ক্যামেরা পারসন রুবেল ইসলাম, দৈনিক সানশাইনের স্টাফ রিপোর্টার সবুজ ইসলাম, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল আলিম, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি'র (রুরু) যুগ্ম-সাধারণ সম্পাদক নূর আহসান মৃদুলসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।
স্মরণসভায় বক্তারা বলেন, আব্দুল্লাহ আল-মাহমুদ বাবলু ছিলেন সৎ, সাহসী ও আদর্শনিষ্ঠ সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর হাতে গড়ে ওঠা বহু সাংবাদিক আজ রাজশাহীসহ দেশের বিভিন্ন প্রান্তে এবং প্রবাসে সুনামের সঙ্গে কাজ করছেন। তিনি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছেন এবং নবীন সাংবাদিকদের জন্য ছিলেন অনুপ্রেরণার উৎস।
মরহুম বাবলুসহ সকল প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনা এবং অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন দৈনিক উত্তরা প্রতিদিনের সাহিত্য সম্পাদক আতাউল গনি মো. রমজান আলী।
উল্লেখ্য, রাজশাহীর সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ আল-মাহমুদ বাবলু ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি ১৯৮৮ সালে তৎকালীন রাজশাহী থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘সোনার দেশ’ পত্রিকায় লেখালেখির মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। পরে ১৯৯১ সালে দৈনিক ‘পদ্মার বাণী’-তে কাজ করেন। ১৯৯৪ সালে প্রতিষ্ঠা করেন ‘দৈনিক উপচার’ পত্রিকা এবং পরবর্তীতে প্রতিষ্ঠা করেন দৈনিক উত্তরা প্রতিদিন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে বিভিন্ন জাতীয় দৈনিক ও বাংলাদেশ বেতারে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি রাজশাহীর সাংবাদিকতায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।

