
রাজশাহীর ৬টি সংসদীয় আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ছাড়া অন্য দল ও স্বতন্ত্র মিলিয়ে ২০ প্রার্থীর জামানত বাতিল হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অফিয়া আখতার আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন। সেই ফলাফলে এই তথ্য জানা যায়।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, কোনো প্রার্থী সংশ্লিষ্ট আসনের মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ (৮ ভাগের ১ ভাগ) ভোট না পেলে তার জামানত বাতিল হয়। রাজশাহীর ৬ আসনে মোট ৩২ জন প্রার্থীর মধ্যে ২০ জন এ শর্ত পূরণ করতে পারেননি।
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসন: মোট ভোট ৩ লাখ ৫১ হাজার ৮৪৪। জামানত রক্ষায় প্রয়োজন ছিল ৪৩ হাজার ৯৮১ ভোট। বিএনপি ও জামাতের প্রার্থী এই সংখ্যার চেয়ে বিপুল ভোট পেলেও বাকি তিন প্রার্থী এ সংখ্যা না পাওয়ায় জামানত হারান। তারা হলেন-গণ অধিকার পরিষদের মির মো. শাহজাহান (৪০৭), আমার বাংলাদেশ পার্টির মো. আব্দুর রহমান (১,১০০) ও স্বতন্ত্র প্রার্থী আল-সাআদ (৬৬৩)।
রাজশাহী-২ (সদর) আসন:
মোট ভোট পড়েছে ২ লাখ ৩৫ হাজার ৯১৬টি। জামানত রক্ষায় প্রয়োজন ছিল ২৯ হাজার ৪৯০ ভোট। নির্ধারিত ভোট না পাওয়ায় বিএনপি ও জামাত ছাড়া বাকি চার প্রার্থীর জামানত বাতিল হয়েছে। তারা হলেন-আমার বাংলাদেশ পার্টির সাঈদ নোমান (৭৮৬), নাগরিক ঐক্যের সামছুল আলম (৫৫২), বাংলাদেশ লেবার পার্টির মেজবাউল ইসলাম (৩৮৭) এবং স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমেদ (৮০১)।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর):
মোট ভোট পড়েছে ৩ লাখ ২৭ হাজার ৪০৭টি। জামানত রক্ষায় প্রয়োজন ছিল ৪০ হাজার ৯২৬ ভোট। চার প্রার্থী এ সংখ্যা না পাওয়ায় জামানত হারিয়েছেন। তারা হলেন-আম জনতা পার্টির সাইদ পরভেজ (২৯৫), ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলুর রহমান (১,১৫৪), জাতীয় পার্টির অফজাল হোসেন (২,৩৯০) এবং স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগম (১,১৭৭)।
রাজশাহী-৪ (বাগমারা):
মোট ভোট পড়েছে ২ লাখ ৩১ হাজার ১৯০টি। জামানত রক্ষায় প্রয়োজন ছিল ২৮ হাজার ৮৯৯ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের তাজুল ইসলাম খান (৬৭০) ও জাতীয় পার্টির ফজলুল হক (১,৭৫৯) নির্ধারিত ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন।
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর):
মোট ভোট পড়েছে ২ লাখ ৪৩ হাজার ৪৩৬টি। জামানত রক্ষায় প্রয়োজন ছিল ৩০ হাজার ৪৩০ ভোট। কিন্তু এর কাছাকাছিও ভোট না পেয়ে পাঁচ প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেন- বাংলাদেশ সুপ্রিম পার্টির আলতাফ হোসেন মোল্লা (৯৩৮), ইসলামী আন্দোলন বাংলাদেশের রুহুল আমিন (৬২০), স্বতন্ত্র প্রার্থী ইসফা খাইরুল হক (২,৪৯৬), রায়হান কাউসার (৪৪২) এবং রেজাউল করিম (৬,৪৩২)।
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট):
মোট ভোট পড়েছে ২ লাখ ৫৩ হাজার ৩০২টি। জামানত রক্ষায় প্রয়োজন ছিল ৩১ হাজার ৬৬৩ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস সালাম সুরুজ (১,৬২৮) ও জাতীয় পার্টির ইকবাল হোসেন (২,৯৩০) নির্ধারিত ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন।
এ বিষয়ে রাজশাহী সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান বলেন, কোনো প্রার্থীকে তার আসনের মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ ভোট পেতে হয়। এ হিসাবে কম ভোট পাওয়ায় রাজশাহীর ৬টি আসনে মোট ২০ জন প্রার্থীর জামানত বাতিল হয়েছে।

