উত্তরা প্রতিদিন
ঢাকা

বাগমারায় জামায়াত কর্মীকে কুপিয়ে জখম

উত্তরা প্রতিদিন বাগমারা প্রতিবেদক ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৯ অপরাহ্ণ
বাগমারায় জামায়াত কর্মীকে কুপিয়ে জখম

রাজশাহী-৪ (বাগমারা) আসনের শ্রীপুর ইউনিয়নের মেন্দিপাড়া ভোটকেন্দ্রের পাশে এক জামায়াত কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থী ডি.এম. জিয়াউর রহমান জিয়ার সমর্থকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

আহত জামায়াত কর্মীর নাম এনামুল হক (৪২)। তিনি ইসমাইলপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পর মেন্দিপাড়া ভোটকেন্দ্রের পাশে বিএনপি প্রার্থীর সমর্থকেরা অবস্থান নিয়ে উত্তেজনা সৃষ্টি করেন। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সরিয়ে দেয়। সেনাবাহিনী সরে যাওয়ার পর আবারও ওই এলাকায় নেতাকর্মীরা জড়ো হন এবং স্থানীয় বিএনপি নেতা আবদুস সালাম পারভেজের নেতৃত্বে ধারালো অস্ত্র নিয়ে জামায়াত প্রার্থী ডা. আব্দুল বারী সরদারের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালান বলে অভিযোগ পাওয়া যায়। এতে এনামুল হকের মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এছাড়া জামায়াতের আরও দুই কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

পরে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা সেখান থেকে সরে যান। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল আলম বলেন, “জামায়াতের এক কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে—এমন খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকা স্বাভাবিক আছে।”

Read more — উত্তরাঞ্চল
Home