
রাজশাহী মহানগরীর চন্দ্রিমার শিরইল কলোনি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণের দায়ে দুই যুবককে আটক করে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম।
দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. ইমরান আলী (২৬) ও মো. শাহরিয়ার (২৫)। তাদের দুজনের বাড়ি শিরইল কলোনির কানায় মোড় এলাকায়। তারা জামায়াতের সমর্থক বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ওসি মনিরুল ইসলাম জানান, ভোটকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণের সময় কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের আটক করেন। নির্বাচন আচরণবিধি অনুযায়ী ভোটকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন ব্যবহার ও ছবি বা ভিডিও ধারণ নিষিদ্ধ। ফলে এ অপরাধে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
তিনি আরও জানান, দণ্ডপ্রাপ্ত দুই যুবক জামায়াতের সমর্থক বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তারা জানান।

