
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহীতে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়।
সকাল ৮টায় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে ভোট দেন রাজশাহী-২ (সদর) আসনের বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু।
ভোট প্রদান শেষে তিনি বলেন, জয়ের বিষয়ে তিনি শতভাগ আশাবাদী। তার দাবি, রাজশাহী বিভাগের ৩৯টি আসনেই বিএনপি বিজয়ী হবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।
গত রাতে বিভিন্ন ভোটকেন্দ্রে অবৈধ প্রবেশের অভিযোগে জামায়াতের নেতাকর্মীদের আটকের বিষয়ে মিনু বলেন, “দীর্ঘদিন ভোট দিতে না পারায় মানুষ আবেগপ্রবণ হয়ে এমন করতে পারে। এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।”
এদিকে, সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহীর গোলজারবাগ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। সেখানে কথা হয় রাজশাহী-২ আসনের জামায়াত প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সঙ্গে। তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং জয়ের বিষয়ে তিনি আশাবাদী।

