উত্তরা প্রতিদিন
ঢাকা

পুত্রবধূর কোলে চড়ে ভোট দিলেন শতবর্ষী সোনাভান

উত্তরা প্রতিবেদক ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ
পুত্রবধূর কোলে চড়ে ভোট দিলেন শতবর্ষী সোনাভান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার রাজশাহীর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। এরই মধ্যে মানবিক এক দৃশ্য চোখে পড়ে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের শলুয়া ভোটকেন্দ্রে।

দীর্ঘ দুই বছর ধরে শয্যাশায়ী শতবর্ষী এক বৃদ্ধা অসুস্থ শরীর নিয়েও ভোট দিতে কেন্দ্রে আসেন। পরিবারের সদস্যরা ভ্যানে করে তাকে কেন্দ্রে নিয়ে আসেন। পরে পুত্রবধূর কোলে ভর করে তিনি বুথে প্রবেশ করেন এবং পোলিং কর্মকর্তাদের সহযোগিতায় নিজের ভোট প্রদান করেন।

ভোট দেওয়ার পর তিনি বলেন, “আমার খুব ইচ্ছা ছিল ভোট দেব। ভোট দিতে পেরে খুব ভালো লাগছে।”

শতবর্ষী ওই বৃদ্ধার নাম সোনাভান। তার পুত্রবধূ শিরিনা জানান, শাশুড়ির প্রবল আগ্রহের কারণেই তাকে কেন্দ্রে আনা হয়েছে। আম্মা বলছিলেন, তার খুব ইচ্ছা জেগেছে ভোট দেওয়ার। তাই আমরা ভ্যানে করে নিয়ে এসেছি। সবাই অনেক সহযোগিতা করেছে।

তিনি আরও জানান, কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ ছিল এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রয়োজনীয় সহায়তা দিয়েছেন।

অসুস্থতা ও শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও ভোটাধিকার প্রয়োগে এমন আগ্রহ অন্য ভোটারদের মাঝেও উৎসাহ সৃষ্টি করেছে।

উল্লেখ, রাজশাহী-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৭ হাজার ৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৮০ হাজার ৬৮ জন, নারী ভোটার এক লাখ ৭৮ হাজার ৯৮৪ জন ও হিজড়া ভোটার দুইজন।

 

Read more — উত্তরাঞ্চল
Home