
ঢাকায় মিন্টো রোডে পুলিশের হামলায় রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত হওয়ার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়েছে। একই সঙ্গে শরীফ ওসমান হাদি হত্যার বিচার ও হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিচারের দাবি জানান আন্দোলনকারীরা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজশাহী নগরীর তালাইমারি মোড়ে বিক্ষোভ শুরু হয়। এ সময় রাজশাহী-ঢাকা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করলে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীরা হাদি হত্যার দ্রুত বিচার, পুলিশের সহিংসতার প্রতিবাদ এবং অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
বিক্ষোভে বক্তব্য দেন বিলুপ্ত এনসিপি রাজশাহী মহানগরের সদস্যসচিব আতিকুর রহমান রুমন, অব্যাহতি পাওয়া মহানগর যুবশক্তির যুগ্ম সদস্যসচিব সোয়াইব আহমেদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের উদ্যোগে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করা হয়। আন্দোলনকারীরা মিন্টো রোড অভিমুখে অগ্রসর হলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে।
এ সময় ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্যে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত হন। এছাড়া ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, ডাকসুর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমাসহ অন্তত ২৩ জন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।

