উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে উত্তরবঙ্গ বেকারী মালিক সমিতির বিভাগীয় মতবিনিময় সভা

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৬ অপরাহ্ণ
রাজশাহীতে উত্তরবঙ্গ বেকারী মালিক সমিতির বিভাগীয় মতবিনিময় সভা

রাজশাহীতে উত্তরবঙ্গের ব্যবসায়ীদের অংশগ্রহণে বেকারী শিল্পের উন্নয়ন ও সংকট মোকাবিলায় বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে নগরীর হোটেল ওয়ারিশনে রাজশাহী জেলা বেকারী মালিক সমিতির আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উত্তরবঙ্গ বেকারী মালিক সমিতির সভাপতি ও আকবরিয়া গ্রুপের চেয়ারম্যান হাসান আলী আলাল। তিনি বলেন, উত্তরাঞ্চলের অর্থনীতিতে বেকারী শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত, যা টিকিয়ে রাখতে ঐক্যবদ্ধ ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা বেকারী মালিক সমিতির সভাপতি মো. সেলিম রেজা। তিনি প্রশাসনের সঙ্গে সমন্বয়ের গুরুত্ব উল্লেখ করেন এবং অনিয়মের বিরুদ্ধে সংগঠনের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্য দেন উত্তরবঙ্গ বেকারী মালিক সমিতির সহ-সভাপতি কাজী জিয়াউর রহমান বাবলু, জয়পুরহাট জেলা বেকারী মালিক সমিতির সভাপতি শামীম নাজির আহমেদ, রাজশাহী জেলা বেকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু বাক্কারসহ অন্যান্যরা।

সভায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনার তথ্য জানানো হয় এবং আইন অমান্যকারীদের বিষয়ে সমিতির কোনো সহযোগিতা থাকবে না বলে সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া অতিরিক্ত জরিমানার পুনর্বিবেচনার দাবি তোলা হয়।

বক্তারা বলেন, সংগঠিত থেকে ন্যায্যতা নিশ্চিত করা ও নিরাপদ খাদ্য উৎপাদনে সচেতন থাকা বেকারী শিল্পের টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য।

Read more — উত্তরাঞ্চল
Home