
রাজশাহীতে নিরাপদ খাদ্য আইন-২০১৩ লঙ্ঘনের অভিযোগে চার হোটেল-রেস্তোরাঁ থেকে পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। হাইড্রোজযুক্ত গুড় ব্যবহার, ফাঙ্গাসযুক্ত পচা বাদাম সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে দুধের সর সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়।
বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর লক্ষীপুর ও সিএন্ডবি মোড় এলাকায় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমানের নেতৃত্বে অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন উপস্থিত ছিলেন।
অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য, পোড়া তেল, ফাঙ্গাসযুক্ত কাঠের কাটিং বোর্ড, নিম্নমানের মরিচের গুঁড়া, খোলা ডাস্টবিন ও অপরিচ্ছন্ন রান্নাঘরের প্রমাণ মিলেছে। নানকিং দরবার হলে এক লাখ টাকা, রানা মিষ্টি ঘরে এক লাখ টাকা, তৃপ্তি হোটেল-রেস্টুরেন্টে তিন লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া সালাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।
নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন বলেন, এ ধরনের অনিয়ম সরাসরি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক, বিএসটিআই কর্মকর্তা, পুলিশ ও র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

