উত্তরা প্রতিদিন
ঢাকা

গোদাগাড়ীতে ওয়াটার পার্কের ওয়েভ পুলে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১০ অপরাহ্ণ
গোদাগাড়ীতে ওয়াটার পার্কের ওয়েভ পুলে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সাফিনা পার্কে বেড়াতে গিয়ে ওয়েভ পুলে নেমে আবিদ আহানাফ সোয়াদ (১৫) নামে এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে উপজেলার মোহনপুর ইউনিয়নের দিগ্রাম এলাকায় অবস্থিত ওই পার্কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী আবিদ আহানাফ সোয়াদ বগুড়ার ইকরা মডেল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম মো. আবু হাসিব সোহরাওয়ার্দী। তারা বর্তমানে বগুড়া সদর থানার ঠনঠনিয়া এলাকায় বসবাস করলেও তাদের স্থায়ী ঠিকানা রংপুর জেলার পীরগঞ্জ থানার মাছখড়িয়া মাধবপুর সৈয়দপুর গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইকরা মডেল মাদ্রাসার শিক্ষার্থীরা শিক্ষা সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সাফিনা ওয়াটার পার্কে যান। দিনভর বিভিন্ন রাইড উপভোগের পর বিকেলে কয়েকজন শিক্ষার্থী ওয়েভ পুলে নামেন। এ সময় আবিদ পানিতে লাফ দিলে নাক, বুক ও মাথায় গুরুতর আঘাত পান। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান।

ঘটনাটি টের পেয়ে সহপাঠীরা চিৎকার শুরু করলে ওয়াটার পার্ক কর্তৃপক্ষ ও সঙ্গে থাকা শিক্ষকরা তাকে উদ্ধার করে দ্রুত গোদাগাড়ী উপজেলার প্রেমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহত শিক্ষার্থীর মরদেহ গোদাগাড়ী মডেল থানায় আনা হয়।

স্থানীয়দের অভিযোগ, সাফিনা ওয়াটার পার্কে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও তদারকির ঘাটতি রয়েছে। বিশেষ করে ওয়েভ পুল এলাকায় পর্যাপ্ত লাইফগার্ড, সতর্কতামূলক নির্দেশনা ও জরুরি উদ্ধার সরঞ্জামের অভাব রয়েছে বলে জানান তারা। দ্রুত ও সঠিকভাবে উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা গেলে হয়তো এই প্রাণহানি এড়ানো সম্ভব হতো বলেও দাবি তাদের।

এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে কারও গাফিলতি বা অবহেলা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Read more — উত্তরাঞ্চল
Home