উত্তরা প্রতিদিন
ঢাকা

আমার ওপর মিসাইল নিক্ষেপ করা হচ্ছে: জামায়াত আমির

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৮ অপরাহ্ণ
আমার ওপর মিসাইল নিক্ষেপ করা হচ্ছে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গত কয়েকদিন থেকে আমার ওপর মিসাইল নিক্ষেপ করা হচ্ছে। যারা জনগণের সরকার চায়না, যারা দলীয় পারিবারিক গোষ্ঠীতান্ত্রিক সরকার চায়, যারা দেশকে গোলাম করে রাখতে চায়, তারা আমার এক্স আইডি হ্যাক করে আমার ওপর মিসাইল নিক্ষেপ করছে। ইতোমধ্যে আমাদের সাইবার টিম বিষয়টি শনাক্ত করেছে এবং আটকও করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নওগাঁ শহরের এ টিম মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, প্রিয় জন্মভূমি ৫৪ বছরে বারবার বাংলাদেশ সুযোগ পেয়েছে, যারা শাসন ক্ষমতায় এসেছেন তারা নিজেরা ক্ষমতাবান হয়েছেন। কিন্তু জনগণের ক্ষমতা তারা বৃদ্ধি করেন নাই। তারা জনগণের পকেট কেটে নিজেদের কপাল কিসমত বড় করেছেন, জনগণের টাকা চুরি করেছেন, ডাকাতি করেছেন, ব্যাংক ধ্বংস করেছেন, বীমা ধ্বংস করেছেন, শেয়ার মার্কেট লুট করেছেন, মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছেন। এই লুণ্ঠন করা টাকাগুলো দেশে রাখার সৎ সাহস ছিল না বলে বিদেশে পাচার করে দিয়েছেন। যার পরিমাণ ২৮ লাখ কোটি টাকা। এই টাকা কার? এই টাকা আপনাদের। জনগণের ঋণের টাকা ট্যাক্সের টাকা চুরি করে এরা বিদেশে পাঠিয়ে দিয়েছেন। আমরা কথা দিচ্ছি আল্লাহ সুযোগ দিলে আমরা এই টাকা ফিরিয়ে আনবো।

তিনি বলেন, জুলাইতে আমাদের যে সমস্ত যুবকরা, তরুণ-তরুণীরা, কৃষক শ্রমিক যারা রাস্তায় নেমে লড়াই করেছিল এদেশের মুক্তির জন্য, সেই যুবক যুবতীরা কারও কাছে দাবি করেছিল আমরা বেকার ভাতা চাই? আমাদেরকে বেকার ভাতা দিতে হবে? কেউ দাবি করে নাই। আজকে বেকার ভাতা দেওয়ার প্রশ্ন উঠছে কেন? তারা তো সেদিন দাবি করেছিল, আমরা হাতে হাতে কাজ চাই আমাদেরকে কাজ দেন। আমরা যুব সমাজকে কথা দিচ্ছি ইনশাল্লাহ তাদেরকে শিক্ষা আর পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে তাদের হাতগুলোকে দেশ গড়ার কারিগরের হাত হিসাবে মজবুত করে দেব ইনশাল্লাহ। আমরা তাদেরকে ভাষাভিত্তিক দক্ষতা এবং পেশাভিত্তিক দক্ষতা দুটোই তাদের হাতে তুলে দেব, ইনশাল্লাহ। সেদিন তাদের হাতে কাজ তুলে দিয়ে বলবো এবার কাজ করো দেশ তোমরা বদলে দাও।

কৃষি প্রধান জেলা নওগাঁকে নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, নওগাঁয় ১০ ভাগের ১ ভাগ খাদ্যশস্য উৎপাদন করে সারাদেশে সরবরাহ করা হয়। কিন্তু এ জেলা উন্নয়ন হয়নি। শহরের প্রধান সড়ক ফোর-লেন এবং মানসম্পন্ন হাসপাতাল হওয়া দরকার। আগামীতে ভোটের মাধ্যমে সরকার গঠন করা হলে জেলার উন্নয়ন করা হবে। এ জেলার কৃষক বা খামারিরা ফসল তাড়াহুড়ো করে বিক্রি করায় দাম পায় না, সারা বছর মানুষ খেতে পারে না। ধান ও ফল গবেষণা ইন্সটিটিউট প্রতিষ্ঠা করা হবে। সংরক্ষণাগার করা হবে যেন সারা বছর ফসল সংরক্ষণ করে রাখা যায়। পুরো নর্থবেঙ্গলকে কৃষি শিল্পের রাজধানী করা হবে। একাধিক কৃষিপণ্য সংরক্ষণাগার গড়ে তোলা হবে।

পর্যটন নিয়ে তিনি বলেন, জেলায় সম্ভবনাময় অনেক দর্শনীয় স্থান আছে। অবহেলা ও দুর্নীতির কারণে পর্যটন খাতে কোনো উন্নয়ন হয়নি। আমরা নওগাঁর পর্যটন নিয়ে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, আপনি যদি আপনার মাকে, মেয়েকে, স্ত্রীকে সম্মান করে থাকেন। তাহলে আপনার বাংলাদেশের ৯ কোটি মাকেও সম্মান করতে হবে। আর যদি আপনার মাকে সম্মান করতে না জানেন, তাহলে কাউকেই আপনি সম্মান করতে পারবেন না। মাকে সম্মান করতে শিখুন। তারপরও বলে দিচ্ছি যদি এ রাস্তা থেকে ফিরে না আসেন, হুমকি ধামকি গায়ে হাত যদি এগুলো বাদ না দেন মনে রাখবেন জুলাইয়ের ১৫ তারিখ মাদের গায়েতে, মেয়েদের গাঁয়েতে হাত তোলার জন্য যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সেই যুবক ছেলেরা বিপ্লবীরা ঘুমায় পড়ে নাই। আবার বিস্ফোরিত হবে গর্জে উঠবে। মায়ের অপমান সহ্য করবে না।

জামায়াত আমির বলেন, প্রিয় দেশবাসী এ দেশ শুধু মুসলমানদের না। এদেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান অন্যান্য জাতির যারা রয়েছে তাদের সকলের। আমরা ঘোষণা দিয়েছি বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি মানব না। এদেশের সমস্ত বৈধ নাগরিক যারা বাংলাদেশে বসবাস করেন তারা বাংলাদেশের সংবিধান অনুযায়ী তাদের সমস্ত অধিকার সমানভাবে ভোগ করবেন। এখানে কোনো বৈষম্য চলবে না। যারা মুসলমান নন তারা ভয়ের সংস্কৃতিতে থাকবে কেন? ওটাকে আমরা গুঁড়িয়ে একাকার করে দিতে চাই। সবাইকে নিয়েই দেশ সাজাবো ইনশাল্লাহ। আমাদের ছাত্রীদের জন্য আমাদের অঙ্গীকার মাস্টার্স পর্যন্ত তারা সরকারি খরচে লেখাপড়া করবেন ইনশাআল্লাহ। সকল শিশুর জন্য আমাদের অঙ্গীকার একটা মায়ের শিশুও পড়ালেখার বাইরে থাকতে দিবো না ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, প্রিয় দেশবাসী আমাদের দ্বিতীয় অঙ্গীকার হচ্ছে চাঁদাবাজি আমরা করিনা কাউকে করতেও দেব না।

নওগাঁ জেলা জামায়াতের আমির ও নওগাঁ-৪ আসনের জামায়াতের প্রার্থী খন্দকার আব্দুর রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ শাহাবুদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস এস এম ফরহাদ, নওগাঁ-১ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম, নওগাঁ-২ আসনের জামায়াতের এমপি প্রার্থী এনামুল হক, নওগাঁ-৩ আসনের জামায়াত প্রার্থী মাওলানা মাহফুজুর রহমান, নওগাঁ-৫ আসনের প্রার্থী আ স ম সায়েম, নওগাঁ-৬ আসনের প্রার্থী খবিরুল ইসলামসহ ১১ দলীয় জোটের জেলা পর্যায় শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

 

 

Read more — উত্তরাঞ্চল
Home