উত্তরা প্রতিদিন
ঢাকা

গুমের সাথে জড়িতদের ভোটের আগেই বিচার দাবি স্বজনদের

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ৩০ আগস্ট ২০২৫, ০৬:০০ অপরাহ্ণ
গুমের সাথে জড়িতদের ভোটের আগেই বিচার দাবি স্বজনদের

রাজশাহীতে গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা এখনও তাদের প্রিয়জনদের ফিরে আসার অপেক্ষায় রয়েছেন। তারা হারিয়ে যাওয়া স্বজনদের সন্ধান এবং গুমের সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে ভোটের আগেই বিচারের দাবি জানান।

আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে শনিবার রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ আয়োজিত মানববন্ধনে তারা এই দাবি জানান।

এর আগে, বেলা সাড়ে ১১টায় নগরীর আলুপট্রি থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত মানববন্ধনে গুম থেকে বেঁচে ফেরা আতিকুল ইসলাম বলেন, “রাষ্ট্র প্রতিটি নাগরিককে নিরাপত্তা দেয়ার কথা, কিন্তু কোন আইন বলে সরকারি বাহিনী গুম করেছে?”

তিনি আরও বলেন, “আমার পরিবারের মতো অসংখ্য পরিবারকে এ কষ্ট মাসের পর মাস, বছরের পর বছর যেন বয়ে যেতে না হয়। গুমের সঙ্গে জড়িতদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

আতিকুল ইসলাম গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে আনার পাশাপাশি আয়নাঘর নামে পরিচিত নির্যাতন কেন্দ্রটি বিলুপ্ত করারও দাবি জানান।

মানববন্ধনে গুম হওয়া পরিবারের সদস্যরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান, “আমাদের পিতা বা স্বামী জীবিত নাকি মৃত, আমরা পিতৃহারা, বিধবা না সধবা—এই নিশ্চয়তা চাই। গুমের সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে ভোটের আগেই বিচারের কার্য শেষ করতে হবে।”

‘অধিকার’ এর রাজশাহীর সমন্বয়ক মঈন উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং মানবাধিকার কর্মী অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসউদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, দীর্ঘ ছয় মাস গুম থেকে ফিরে আসা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আতিকুল ইসলাম, গুম হওয়া ব্যক্তি আব্দুল কুদ্দসের স্ত্রী জামিল আক্তার, মুরশিদুল ইসলামের স্ত্রী সেলিনা বিবি প্রমুখ।

পরে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর বিবৃতি পাঠ করে শুনান দীর্ঘ ছয় মাস পর গুম থেকে ফিরে আসা আলামিন হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, গুম থেকে ফিরে আসা মিজান ইসলাম, আল-আমিন, মাসুদ রানা, মিজান, বুলবুল ইসলাম, মো. সুমন প্রমুখ।

এই মানববন্ধন ও র‌্যালির মাধ্যমে গুমের শিকার ব্যক্তিদের ফিরে আসার এবং গুমের সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবির সাথে গুম হওয়া পরিবারের প্রতি সমর্থন এবং আন্তর্জাতিক গুম দিবসের প্রতি সম্মান জানানো হয়।

Read more — উত্তরাঞ্চল
Home