
রাজশাহীর সংবাদপত্র ব্যবসায় এক দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটল প্রবীণ সংবাদপত্র এজেন্ট মো. হেকমত উল্লাহর মৃত্যুতে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ১০৭ বছর।
হেকমত উল্লাহ ছিলেন রেলওয়ে বুক স্টল–এর কর্ণধার, যা দীর্ঘ ৫৭ বছর ধরে রাজশাহীতে সংবাদপত্র পরিবেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বার্ধক্যজনিত অসুস্থতা ও সাম্প্রতিক নিউমোনিয়ার সংক্রমণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে রাজশাহীতে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি স্ত্রী, সাত কন্যা, এক পুত্র, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ছেলে শহীদুল্লাহ সাঈদ বর্তমানে পারিবারিক ব্যবসার দেখভাল করছেন। হাসপাতাল থেকে মরদেহ নেওয়া হয়েছে মীরের চক এলাকার নিজ বাড়িতে। এশার নামাজের পর রাজশাহী শহরের টিকাপাড়া গোরস্থানে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়।
গণমাধ্যম সংশ্লিষ্টরা বলেন, রাজশাহীর সংবাদপত্র ও গণমাধ্যম অঙ্গনের জন্য এটি এক অপূরণীয় ক্ষতি। তিনি শুধু একজন সংবাদপত্র এজেন্টই ছিলেন না, বরং ছিলেন এক নিষ্ঠাবান কর্মী ও সংবাদ পরিবেশনার এক অনন্য ধারক। হেকমত উল্লাহর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন সবাই।

