
রাজশাহীতে বিভিন্ন পেশার অবহেলিত ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র উপহার পৌঁছে দিয়েছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’। মাসব্যাপী এই কর্মসূচির আওতায় জেলার পবা ও মোহনপুর উপজেলাসহ বিভিন্ন প্রত্যন্ত এলাকার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
কর্মসূচিতে প্রতিবন্ধী, এতিম, বিধবা, দিনমজুর, শ্রমিক, ভ্যানচালক, কৃষক ও মসজিদের মুয়াজ্জিনসহ নানা শ্রেণি-পেশার অসহায় মানুষ শীতবস্ত্র উপহার পান। এ ছাড়া একটি এতিমখানা ও একটি হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থীদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হয়।
রাজশাহী জেলা পরিষদ এবং সংগঠনটির শুভাকাঙ্ক্ষী ও সদস্যদের সহযোগিতায় এই মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি গত ১ জানুয়ারি শুরু হয়ে শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে শেষ হয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের উপদেষ্টা, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও শিক্ষাবিদ আলহাজ্ব মাওলানা মো. সাদেকুল আলম, সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান, সিনিয়র সদস্য সোহানুর রহমান, সাবেক বিডিআর সদস্য আইনাল হকসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।
এ বিষয়ে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান বলেন, বিভিন্ন এলাকায় প্রকৃত শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষ শীতবস্ত্র থেকে বঞ্চিত হচ্ছেন—এমন তথ্য পাওয়ার পর প্রতি বছরের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আমরা সরেজমিনে গিয়ে শীতবস্ত্র পৌঁছে দিয়েছি। আগামীতেও আমাদের জনবান্ধব ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

