
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা সীমান্তের ঘোনাপাড়া এলাকায় আবারও আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির বাধার মুখে কাজ বন্ধ রেখে চলে যায় তারা। ওই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিজিবি সদস্যরা সীমান্তে টহল জোরদার করে পজিশন নিয়েছেন।
গত ডিসেম্বরে তিনবার সীমান্তের একই স্থানে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তখনও বিজিবির বাধার মুখে তারা তা করতে পারেনি। এ ঘটনায় সীমান্তের বাসিন্দারা উদ্বেগের মধ্যে জীবনযাপন করছেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে পাঁচবিবি উপজেলার ২০ বিজিবি কয়া ক্যাম্পের আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া এলাকায় আন্তর্জাতিক সীমান্তের ২৮১ নম্বর মূল পিলারের ৪৭ নম্বর সাব-পিলারের পাশে শূন্যরেখার কাছে বিএসএফ এ বেড়া নির্মাণের কাজ শুরু করে। প্রথমে বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের কয়া ক্যাম্পের বিজিবি সদস্যদের জানান। পরে ঘটনাস্থলে গিয়ে বিজিবির সদস্যরা নির্মাণে বাধা দেন। এতে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে সরে যান।
জয়পুরহাট-২০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন বলেন, সীমান্তের কাঁটাতারের বেড়াসংক্রান্ত পরিস্থিতি বর্তমান স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে ধৈর্যধারণের অনুরোধ জানান তিনি।

