উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে সাংবাদিকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, স্বামী সংকটাপন্ন

উত্তরা প্রতিবেদক ৩১ জানুয়ারি ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ণ
রাজশাহীতে সাংবাদিকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, স্বামী সংকটাপন্ন

রাজশাহীতে গোলাম কিবরিয়া কামাল (৫৫) নামে এক সাংবাদিকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। একই ঘটনায় ওই সাংবাদিককেও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর নগরীর হড়গ্রাম বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে স্বামী–স্ত্রীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়।

নিহত নারীর নাম রওশন আরা (৫০)। তার স্বামী গোলাম কিবরিয়া কামাল, যিনি সাংবাদিকতা করেন কামাল মালিক নামে। তিনি বর্তমানে স্থানীয় দৈনিক রাজশাহী সংবাদ-এর উপসম্পাদক হিসেবে কর্মরত। এই দম্পতি নগরীর হড়গ্রাম বাজার এলাকায় তিনতলা একটি বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকতেন।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিল্লাল উদ্দিন জানান, রওশন আরাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। তাঁর গলায় একটি কাপড় প্যাঁচানো ছিল। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। অপরদিকে গোলাম কিবরিয়ার হাত ও পায়ে গুরুতর জখম রয়েছে। তিনি এক ধরনের রাসায়নিক দ্রব্য পান করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁর অবস্থাও সংকটাপন্ন এবং চিকিৎসা চলছে।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ওই সময় দম্পতির বাসার দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে রওশন আরাকে মেঝেতে পড়ে থাকতে এবং গোলাম কিবরিয়াকে বিছানায় আহত অবস্থায় পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সময় বাসায় আর কেউ উপস্থিত ছিলেন কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

দৈনিক রাজশাহী সংবাদ-এর সম্পাদক আহসান হাবীব অপু বলেন, ঘটনার খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। কীভাবে এমন ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। কামাল মালিকের অবস্থা খুবই সংকটাপন্ন। তাঁর হাত ও পায়ে গুরুতর জখম রয়েছে, সম্ভবত রগ কেটে গেছে। তাঁকে আইসিইউতে নেওয়া হচ্ছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির ক্রাইমসিন টিম কাজ করছে। বাসার দরজা ভেতর থেকে বন্ধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি বাসার ভেতরেই ঘটেছে। তবে কীভাবে ও কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

 

Read more — উত্তরাঞ্চল
Home