
রাজশাহীর বাগমারা উপজেলায় মাহাবুর (৪০) নামে এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের রামপুর–বাইগাছা মোড় সংলগ্ন একটি কলাবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মাহাবুর ২ নম্বর নরদাশ ইউনিয়নের হাটমাধনগর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১টার দিকে কলাবাগানের ভেতর একটি মোবাইল ফোন বাজতে শুনে এক পথচারী সেখানে যান। ফোনটি রিসিভ করার পর তিনি জানতে পারেন সেটি মাহাবুরের। এরপর আশপাশে খোঁজ নিতে গিয়ে কলাবাগানের ভেতরে গলাকাটা অবস্থায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন তিনি।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে জড়ো হন এবং হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে বিষয়টি জানান। পরে পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) রবিউল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। তবে এনজিওর টাকা লেনদেনসংক্রান্ত বিষয় নিয়ে কারো সঙ্গে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে। মামলা দায়েরের পর তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

