উত্তরা প্রতিদিন
ঢাকা

যারা নারীর অবমাননা করেছে, তারাই আজ সম্মানের কথা বলছে: মিলন

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ৩০ জানুয়ারি ২০২৬, ০৫:৩০ অপরাহ্ণ
যারা নারীর অবমাননা করেছে, তারাই আজ সম্মানের কথা বলছে: মিলন

নারীর সম্মান, ক্ষমতায়ন ও সার্বিক উন্নয়নে বিএনপি কাজ করবে জানিয়ে রাজশাহী–৩ (পবা–মোহনপুর) আসনে দলের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, যারা অতীতে নারীর প্রতি অবমাননাকর ভূমিকা রেখেছে, তারাই এখন নারীর সম্মান রক্ষার কথা বলছে। কিন্তু বিএনপি নারী ও পুরুষের সমান অংশগ্রহণে বিশ্বাস করে। ফলে এবারের নির্বাচনে বিএনপি থেকে বহু নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, অথচ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কোনো নারী প্রার্থী নেই।

আজ শুক্রবার সকালে রাজশাহীর পবা উপজেলার গোবিন্দপুর গ্রাম থেকে দিনের কর্মসূচি শুরু করে বিভিন্ন এলাকায় গণসংযোগ করে হরগ্রাম ইউনিয়নে পথসভায় তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপি সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন অভিযোগ করে অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে। দলের চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতিও বাস্তবায়িত হবে। শুধু তাই নয়, বিএনপি ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকে এবং উন্নয়ন হয়। পবা–মোহনপুর এলাকার অধিকাংশ সড়ক বিএনপির শাসনামলেই নির্মিত হয়েছে।

নির্বাচিত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কৃষি খাতের উন্নয়ন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ও বেকারত্ব দূর করতে প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হবে। নারীদের হাতে 'ফ্যামিলি কার্ড' এবং কৃষকদের হাতে 'কৃষি কার্ড' দেওয়ার পরিকল্পনাও রয়েছে। এছাড়া, ক্রীড়া উন্নয়নে খেলার মাঠ বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে।

হরগ্রাম ইউনিয়নের স্থানীয় সরকার প্রতিনিধির সমালোচনা করে মিলন বলেন, দীর্ঘদিন চেয়ারম্যানের দায়িত্বে থাকলেও এলাকায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। এখনও অনেক সড়ক কাঁচা রয়ে গেছে।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি প্রার্থী বলেন, ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক জনসমর্থন তৈরি হয়েছে। ষড়যন্ত্রকারীরা এই জনজোয়ারে ভেসে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, হরগ্রাম বিএনপির আহ্বায়ক নাজিম উদ্দিন, সদস্য সচিব শাহিন রেজা সান্নান, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দের জামানি সুমন, পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, নারী নেত্রী মৌসুমী নাসরিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Read more — উত্তরাঞ্চল
Home