উত্তরা প্রতিদিন
ঢাকা

গণভোটে হ্যাঁ–না প্রচারণায় অংশ নেবেন না সরকারি কর্মকর্তা-কর্মচারীরা

রাজশাহীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব
উত্তরা প্রতিবেদক ৩০ জানুয়ারি ২০২৬, ০৫:০৩ অপরাহ্ণ
 গণভোটে হ্যাঁ–না প্রচারণায় অংশ নেবেন না সরকারি কর্মকর্তা-কর্মচারীরা

নির্বাচন কমিশনের বিধিনিষেধ অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’—কোনো পক্ষেই কোনো ধরনের প্রচারণা চালাবেন না বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হক।

আজ শুক্রবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ে রাজশাহী বিভাগের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন সিনিয়র সচিব এহছানুল হক। সেখানে তিনি বলেন, প্রধান উপদেষ্টার সুস্পষ্ট নির্দেশনা অনুযায়ী আসন্ন নির্বাচন ও গণভোট হবে সম্পূর্ণ নিরপেক্ষ। সরকারের কোনো প্রার্থী নেই, কোনো পক্ষও নেই। সরকারের দায়িত্ব কেবল একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা।

সিনিয়র সচিব বলেন, নির্বাচন কমিশনের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচারণা চালাতে পারবেন না। ভোটারদের কেবল ভোটদানে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা যাবে, কোনো অবস্থান নেওয়া যাবে না। গণভোটে জনগণ পরিবর্তন চায় কি না, সেই সিদ্ধান্ত পুরোপুরি ভোটারদের ওপরই নির্ভর করবে।

তিনি আরও বলেন, 'গণভোটে কে ‘হ্যাঁ’ বলবেন, কে ‘না’ বলবেন—এটি সম্পূর্ণ জনগণের সিদ্ধান্ত। সরকার এখানে নিরপেক্ষ। যারা ভোটে নির্বাচিত হবেন, তারাই সরকার গঠন করবেন। ৩৬ জুলাইয়ের পর দেশে যে পরিবর্তন এসেছে, তা নিয়ে জনগণের মতামত জানার সুযোগই হলো এই গণভোট।'

অতীতের নির্বাচনগুলো নিয়ে মানুষের আস্থার ঘাটতি তৈরি হয়েছে উল্লেখ করে এহছানুল হক বলেন, সেই আস্থা পুনরুদ্ধারে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশন, প্রশাসন ও গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি জানান, এবারের ভোটগ্রহণে ভোটাররা দুটি ব্যালট পাবেন—একটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য এবং অন্যটি গণভোটের জন্য। গণভোটের ব্যালট ভিন্ন রঙের হবে, যাতে ভোটাররা বিভ্রান্ত না হন। বিশেষ করে নারী ভোটাররা যেন ভুলের কারণে ভোট বাতিলের শিকার না হন, সে জন্য তথ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্মকর্তারা মাঠপর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছেন।

রাজশাহী বিভাগীয় কমিশনার আ.ন.ম. বজলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী বিভাগের বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Read more — উত্তরাঞ্চল
Home