উত্তরা প্রতিদিন
ঢাকা

স্লোগানে উত্তাল রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দান

উত্তরা প্রতিবেদক ২৯ জানুয়ারি ২০২৬, ০২:০০ অপরাহ্ণ
স্লোগানে উত্তাল রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দান

দীর্ঘ ২২ বছর পর রাজশাহী সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি। সকাল থেকেই মাদ্রাসা ময়দানে ঢল নেমেছে নেতাকর্মী ও সাধারণ মানুষদের।

বেলা ১১টার দিকে মাঠের অর্ধেকের বেশি অংশে মানুষ উপস্থিত ছিলেন এবং আশপাশের এলাকায়ও বিপুল জনস্রোত লক্ষ্য করা গেছে। শহরের বিভিন্ন এলাকা থেকে মানুষ ধীরে ধীরে মাঠে প্রবেশ করছে। জনসভায় অংশ নেওয়া মানুষের প্রত্যাশা, তারেক রহমান রাজশাহীর উন্নয়নের রূপরেখা তুলে ধরবেন। কেউ চাইছেন সন্ত্রাসমুক্ত দেশ, কেউ বলছেন সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হোক।

সকাল থেকেই জনসভার মঞ্চে বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থানীয় নেতা এবং রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় ১৩টি আসনের ধানের শীষের প্রার্থীরা। রাজশাহী জেলা ও মহানগরের পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের নেতাকর্মীরাও এতে অংশগ্রহণ করছেন।

রাজশাহীর জনসভা শেষে তারেক রহমান সাড়ে ৩টায় নওগাঁর উদ্দেশে রওনা দেবেন। সন্ধ্যায় নওগাঁর এটিএম মাঠে জনসভায় যোগ দিয়ে বক্তব্য দেবেন। এরপর বগুড়ার আলতাফুন্নেসা মাঠে রাত ৮টায় আরেকটি জনসভায় অংশ নেবেন। নওগাঁর জনসভায় জয়পুরহাটের নেতাকর্মীরা অংশ নেবেন, আর বগুড়ার জনসভায় পাবনা ও সিরাজগঞ্জের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

এর আগে ২০০৪ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে রাজশাহী এসেছিলেন তারেক রহমান। এরপর দলীয়প্রধান হিসেবে এটি তার প্রথম রাজশাহী সফর। তার সফরকে ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা জনসভায় যোগ দিয়ে বিএনপি চেয়ারম্যানের পরিকল্পনা শুনবেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান পাবেন।

Read more — উত্তরাঞ্চল
Home