উত্তরা প্রতিদিন
ঢাকা

সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত সচেতন ভোটার

লাইট হাউজের মতবিনিময় সভায় বক্তারা
উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২৬ জানুয়ারি ২০২৬, ০৫:১৫ অপরাহ্ণ
সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত সচেতন ভোটার

সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্বশর্ত হলো সচেতন ভোটার- এমন মন্তব্য করেছেন লাইট হাউজ আয়োজিত মতবিনিময় সভার বক্তারা। তারা বলেন, নারী, যুব ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভোটাররা যদি ভোটাধিকার প্রয়োগের নিয়ম, নির্বাচন আচরণবিধি এবং নাগরিক দায়িত্ব সম্পর্কে সচেতন হন, তাহলে নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম, বিভ্রান্তি ও ভয়ভীতি অনেকাংশে কমে আসবে। পাশাপাশি দায়িত্বশীল ভোটার অংশগ্রহণ নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আজ সোমবার দুপুর ১২টায় নগরীর বোয়ালিয়া ক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‘নারী, যুব ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে অন্তর্ভুক্তিমূলক ভোটার সচেতনতা প্রকল্প’-এর আওতায় আয়োজিত এই সভায় আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে ভোটার শিক্ষা, নির্বাচন পর্যবেক্ষণ ও নাগরিক অংশগ্রহণের গুরুত্ব আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার। তিনি বলেন, একটি গণতান্ত্রিক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সচেতন ও দায়িত্বশীল ভোটার অংশগ্রহণ অপরিহার্য। ভোটাধিকার প্রয়োগের সঠিক পদ্ধতি, নির্বাচন আচরণবিধি ও নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে ভোটারদের স্পষ্ট ধারণা থাকলে অনিয়ম ও বিভ্রান্তি উল্লেখযোগ্যভাবে কমে আসে। এ ক্ষেত্রে লাইট হাউজের মতো সংগঠনগুলোর উদ্যোগ প্রশংসার যোগ্য।

সভা সঞ্চালনা করেন লাইট হাউজের নির্বাহী প্রধান মো. হারুন অর রশিদ। তিনি জানান, দেশের ৩০টি ইউনিয়নে নারী, প্রতিবন্ধী নারী, যুবক, প্রথমবার ভোটার, হিজড়া ও যৌনকর্মীসহ সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে ভোটাধিকার, নির্বাচন প্রক্রিয়া ও নাগরিক দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম শুরু হয়েছে। গ্রামীণ এলাকায় ভোটার শিক্ষার বিস্তার ঘটিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য।

সভায় জানানো হয়, রাজশাহীসহ তিনটি জেলার ৩০টি ইউনিয়নে নারী শিক্ষার্থীদের জন্য উঠান বৈঠক, ইউনিয়ন নারী ফোরাম প্রশিক্ষণ, কলেজ ক্যাম্পেইন, সামাজিক যোগাযোগমাধ্যম প্রচারণা, হিজড়া ও যৌনকর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ, মাইকিং, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভিডিও স্ক্রিনিং ও তথ্য-শিক্ষা উপকরণ বিতরণসহ নানা কর্মসূচি পরিচালিত হচ্ছে। পাশাপাশি গণভোট বিষয়ে প্রচারণা জোরদার এবং নারী, যুব ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে অন্তর্ভুক্তিমূলক ভোটার সচেতনতা বৃদ্ধিতে এনজিও ও সুশীল সমাজের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

সভা শেষে আয়োজকরা জানান, স্থানীয় স্বেচ্ছাসেবী ও নারী নেতাদের প্রশিক্ষণের মাধ্যমে কার্যক্রমকে টেকসই করার পরিকল্পনা রয়েছে, যাতে ভবিষ্যতে তারা নিজ উদ্যোগে ভোটার শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারেন।

লাইট হাউজ ও পুমডোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সভায় আন্তর্জাতিক নির্বাচন সহায়তা প্রতিষ্ঠান আইএফইএস সহযোগিতা করে। সভায় স্থানীয় সরকারি কর্মকর্তা, নারী নেতৃবৃন্দ, যুব সংগঠন, সাংস্কৃতিক দল ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোছা. শামসুননাহার খাতুন, বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ প্রতিনিধি ড. আইনুল হক, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক ফয়জুল্লাহ চৌধুরী, ডাসকো ফাউন্ডেশনের পরিচালক জাহাঙ্গীর আলম খান, আসুসের নির্বাহী পরিচালক রাজ কুমার শাও, লাইট হাউজের জেন্ডার কমপ্লায়েন্স অ্যাডভাইজার ওয়াহিদা ইয়াসমিন এবং এসিডির প্রজেক্ট কোঅর্ডিনেটর সুব্রত কুমার পাল।

Read more — উত্তরাঞ্চল
Home