উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহী-৩ আসনে নির্যাতন-নিপীড়ন থেকে মুক্তি চায় মানুষ

গণসংযোগে দাঁড়িপাল্লার প্রার্থী আবুল কালাম আজাদ
উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ণ
রাজশাহী-৩ আসনে নির্যাতন-নিপীড়ন থেকে মুক্তি চায় মানুষ

রাজশাহী-৩ সংসদীয় আসনে নির্বাচনী আমেজ ক্রমেই জমে উঠছে। জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদের গণসংযোগে স্লোগানে মুখর হয়ে উঠেছে পবা উপজেলার বিভিন্ন এলাকা। আজ শনিবার সকাল থেকে কাটাখালী পৌরসভা ও পারিলা ইউনিয়নের একাধিক স্থানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালান তিনি।

সকাল ৮টায় কাটাখালী বাজার এলাকায় গণসংযোগের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে পারিলা ইউনিয়নের আশরাফের মোড়, হাট রামচন্দ্রপুর, পারিলা বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থলে গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন জামায়াত প্রার্থী। এ সময় নেতাকর্মীরা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে স্লোগান দেন এবং ভোটারদের মাঝে হ্যান্ডবিল ও লিফলেট বিতরণ করেন। পুরো এলাকায় দাঁড়িপাল্লার পক্ষে উৎসবমুখর নির্বাচনী পরিবেশ লক্ষ্য করা যায়।

গণসংযোগকালে অধ্যাপক আবুল কালাম আজাদ ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে নিজের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। তিনি বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করাই তার রাজনীতির মূল লক্ষ্য। এ সময় বহু ভোটার তার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং নিজেদের সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

প্রার্থীর বক্তব্যে উঠে আসে দীর্ঘদিনের বঞ্চনার প্রসঙ্গ। তিনি বলেন, রাজশাহী-৩ আসনের জনগণ দীর্ঘদিন ধরে নির্যাতন, নিপীড়ন ও অন্যায়ের শিকার হয়েছে। মানুষ এখন এসব থেকে মুক্তি চায় এবং একটি ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা করছে। সেই লক্ষ্যেই আমি কাজ করছি এবং ভবিষ্যতেও মানুষের পাশে থেকে কাজ করে যাব।

গণসংযোগে ভোটারদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন উল্লেখ করে তিনি আরও বলেন, জনগণ তাকে ভোট দিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দেবে বলেই তিনি আশাবাদী।

এর প্রতিফলন আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের ব্যালটে দেখা যাবে, বলেন তিনি।

নিজের দীর্ঘ রাজনৈতিক ও জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতার কথা তুলে ধরে অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, আমি একটানা ২৮ বছর এই আসনের হড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী ছিলাম। ভবিষ্যতেও তাদের পাশে থেকে কাজ করতে চাই।

ভোটারদের মধ্যে তার প্রতি আস্থা রয়েছে মন্তব্য করে তিনি বলেন, মানুষ শেষ পর্যন্ত সৎ ও যোগ্য ব্যক্তিকেই নির্বাচিত করবে—এ বিশ্বাস আমার রয়েছে।

এদিকে নির্বাচন ঘিরে সাধারণ ভোটারদের মধ্যেও আলোচনা ও প্রত্যাশা বাড়ছে। কাটাখালী এলাকার ভোটার শহিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন আমরা ভোটের উৎসব থেকে বঞ্চিত ছিলাম। ভোটের সময় এলেই ভয় ও অনিশ্চয়তা কাজ করত।

তিনি আশা প্রকাশ করে বলেন, এবারের নির্বাচন যেন অন্তত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়—এটাই আমাদের প্রত্যাশা।

 

Read more — উত্তরাঞ্চল
Home