উত্তরা প্রতিদিন
ঢাকা

ডিজিটাল ইন্ডাস্ট্রি ও মেডিকেল সিটি গড়লে রাজশাহীতে ৫ লক্ষ কর্মসংস্থান সম্ভব

নাগরিক ঐক্যের প্রার্থী ডা. মো. সামছুল আলম
উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২৩ জানুয়ারি ২০২৬, ০৭:০৭ অপরাহ্ণ
ডিজিটাল ইন্ডাস্ট্রি ও মেডিকেল সিটি গড়লে রাজশাহীতে ৫ লক্ষ কর্মসংস্থান সম্ভব
ডা. সামছুল আলম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে নাগরিক ঐক্যের প্রার্থী ডা. মো. সামছুল আলম কেটলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন কমিশনের ভূমিকা, মিডিয়ার আচরণসহ বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন তিনি। তার সাক্ষাৎকার নিয়ে দৈনিক উত্তরা প্রতিদিন-এর প্রধান প্রতিবেদক আবু সাইদ রনি।

উত্তরা প্রতিদিন: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজশাহীর নির্বাচনী পরিবেশকে আপনি কীভাবে দেখছেন?

ডা. সামছুল আলম: আগের নির্বাচনের তুলনায় এবারের পরিবেশ অনেকটাই স্বচ্ছ ও নিরপেক্ষ। জনগণ এখন আর একতরফা ভোট দিতে আগ্রহী নয়। তবে দুঃখজনকভাবে কিছু সংগঠনের দখলদারি ও চাঁদাবাজি এই পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। এসব অপশক্তি নির্বাচনকে কলুষিত করার চেষ্টা করছে। রাজনৈতিক দলগুলোর এ বিষয়টি অনুধাবন করে পরিস্থিতি আরও সুন্দর রাখার দায়িত্ব নিতে হবে।

উত্তরা প্রতিদিন: সুশাসন ও রাজনৈতিক সংস্কার নিয়ে আপনার অবস্থান কী?

ডা. সামছুল আলম: রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত জনকল্যাণ। রাজনৈতিক দলগুলোকে সুশাসন নিশ্চিত করতে হলে সৎ ও যোগ্য প্রার্থী মনোনয়ন দিতে হবে। জনগণ এখন আর গালাগালি বা প্রতিপক্ষকে হেয় করার রাজনীতি পছন্দ করে না। তারা চায় নিরাপদ ভোট, গ্রহণযোগ্য নির্বাচন এবং এমন প্রতিনিধি, যিনি প্রতিশ্রুতি রক্ষা করবেন।

উত্তরা প্রতিদিন: রাজশাহীর উন্নয়ন ও বেকারত্ব নিয়ে আপনার মূল্যায়ন কী?

ডা. সামছুল আলম: ১৯৭১ সালের পর থেকে রাজশাহীতে বড় কোনো শিল্প বা ফার্মাসিউটিক্যাল কোম্পানি গড়ে ওঠেনি। এর ফলে লক্ষাধিক শিক্ষিত যুবক বেকার হয়ে আছে। শুধু রাস্তার বাতি জ্বালানো বা রাস্তাঘাট সংস্কারই উন্নয়ন নয়। প্রকৃত উন্নয়ন হলো মানুষের সামাজিক মর্যাদা ও কর্মসংস্থান নিশ্চিত করা। একটি মাত্র বড় শিল্প স্থাপন করলেই পাঁচ লক্ষ মানুষের কর্মসংস্থান সম্ভব।

উত্তরা প্রতিদিন: প্রশাসনের ভূমিকা নিয়ে আপনি কতটা সন্তুষ্ট?

ডা. সামছুল আলম: সত্য কথা বলতে প্রশাসনের একটি অংশ এখনো পক্ষপাতদুষ্ট ও দুর্বল। তারা অনেক ক্ষেত্রে সাহসের সঙ্গে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে না। প্রশাসনকে অবশ্যই স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে কাজ করতে হবে। তা না হলে চাঁদাবাজ ও সন্ত্রাসী গোষ্ঠী আরও বেপরোয়া হয়ে উঠবে।

উত্তরা প্রতিদিন: চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে আপনার বার্তা কী?

ডা. সামছুল আলম: অলিগলিতে যারা চাঁদাবাজি করছে, যেসব দল বা গোষ্ঠী দোকানদারদের কাছ থেকে নিয়মিত চাঁদা নিচ্ছে—তাদের চিহ্নিত করতে হবে। এ ধরনের দলকে নিষিদ্ধ করা উচিত এবং জনগণকে তাদের ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিতে হবে। প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে।

উত্তরা প্রতিদিন: একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনের বিষয়ে আপনার মতামত কী?

ডা. সামছুল আলম: আমি এ বিষয়ে শতভাগ একমত। এতে সংসদ সদস্যরা ইচ্ছেমতো আইন পরিবর্তন করতে পারবে না, ক্ষমতার অপব্যবহার কমবে। গণভোটের মাধ্যমে জনগণের সরাসরি মতামত প্রতিফলিত হবে, যা গণতন্ত্রকে শক্তিশালী করবে।

উত্তরা প্রতিদিন: গণমাধ্যমের ভূমিকা আপনি কীভাবে দেখছেন?

ডা. সামছুল আলম: গণমাধ্যম আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমি চাই গণমাধ্যম বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে কাজ করুক। কোনো দল বা প্রার্থীর পক্ষে অতিরঞ্জিত প্রচারণা না চালিয়ে সত্য ও বাস্তব তথ্য জনগণের সামনে তুলে ধরাই গণমাধ্যমের দায়িত্ব।

উত্তরা প্রতিদিন: ভোটারদের প্রতি আপনার বার্তা কী?

ডা. সামছুল আলম: প্রতীক দেখে নয়, প্রার্থীর যোগ্যতা দেখে ভোট দিন। যিনি কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন, নিরাপদ ও সুস্থ জীবন দিতে পারবেন—তাকেই নির্বাচিত করুন। জনগণ যদি মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত না হয়, তাহলে রাজশাহীর ভবিষ্যৎ বদলানো সম্ভব।

উত্তরা প্রতিদিন: নির্বাচিত হলে রাজশাহীর জন্য আপনার বিশেষ পরিকল্পনা কী?

ডা. সামছুল আলম: আমি রাজশাহীকে একটি আধুনিক ‘ডিজিটাল সিটি’ হিসেবে গড়ে তুলতে চাই। বিশেষ করে ভারতের আদলে একটি ‘ডিজিটাল মেডিকেল সিটি’ করার পরিকল্পনা রয়েছে। সেখানে আধুনিক হাসপাতাল, ওষুধ কারখানা, কমিউনিটি সেন্টার থাকবে। দরিদ্রদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ডেলিভারির ব্যবস্থা থাকবে। এতে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং চিকিৎসা ব্যয় কমবে।

Read more — উত্তরাঞ্চল
Home