উত্তরা প্রতিদিন
ঢাকা

ক্ষমতায় গেলে জনগণের নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করা হবে : আবুল কালাম আজাদ

উত্তরা প্রতিবেদক ২৩ জানুয়ারি ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ণ
ক্ষমতায় গেলে জনগণের নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করা হবে : আবুল কালাম আজাদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ বলেছেন, জামায়াতে ইসলামী হচ্ছে জনগণের দল। আমরা ক্ষমতায় গেলে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থান নেওয়া হবে। 

এ লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।

আজ শুক্রবার সকালে পবা উপজেলার হরিপুর ও দামকুড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচার কার্যক্রম চালানোর সময় সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সরেজমিনে দেখা যায়, শুক্রবার সকাল থেকে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচার মিছিলে ব্যস্ত সময় পার করেন অধ্যাপক আবুল কালাম আজাদ। এ সময় সাধারণ ভোটারদের মধ্যে দাড়িপাল্লা মার্কার লিফলেট বিতরণ করা হয়। প্রার্থী নিজে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার মানুষের খোঁজখবর নেন। শিশু, নারী, তরুণ ও বৃদ্ধ—সব শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকায় নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এ সময় তিনি এলাকাবাসীর বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন।

গণসংযোগকালে অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে সমাজ ও দেশ থেকে মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা এবং দেশের সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

পবা উপজেলার ডাঙ্গের হাট এলাকায় গণসংযোগকালে জনগণের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি বলেন, নেতৃত্ব একটি আমানত। যোগ্যতা, সততা ও নৈতিকতার ভিত্তিতেই নেতৃত্ব নির্বাচন করা উচিত। অর্থনৈতিক স্বচ্ছতা, সামাজিক ন্যায়বিচার ও মানবতার সেবার মাধ্যমে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য।

রাজশাহীর উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, রাজশাহী একটি কৃষিনির্ভর জেলা। পবা ও মোহনপুর উপজেলায় উৎপাদিত কৃষিপণ্যের সংরক্ষণ ও বিপণনের সুবিধার্থে রাজশাহীতে কৃষিভিত্তিক ইপিজেড গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নতুন কলকারখানা স্থাপন, কর্মমুখী শিক্ষা বিস্তার এবং ক্লাস ফোর থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক বিষয় হিসেবে চালুর প্রস্তাব দেন তিনি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম শারীরিক ও মানসিকভাবে সুস্থভাবে গড়ে উঠতে পারে।

গণসংযোগ চলাকালে দাড়িপাল্লা প্রতীকের প্রতি সাধারণ মানুষের আগ্রহ ও সমর্থন লক্ষ্য করা যায়। অনেকেই প্রার্থীকে শুভেচ্ছা জানান এবং ভোট দেওয়ার অঙ্গীকার করেন। এলাকাবাসীর মতে, প্রচারণার শুরু থেকেই রাজশাহী-৩ আসনে ভোটের মাঠে প্রতিযোগিতার উত্তাপ স্পষ্ট হয়ে উঠেছে।

শেষে অধ্যাপক আবুল কালাম আজাদ আগামী ১২ ফেব্রুয়ারি সকল ভোটারকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এই নির্বাচন জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

এর আগে সকালে গণসংযোগ শুরু করার আগে অধ্যাপক আবুল কালাম আজাদ নওহাটা কলেজ মাঠে অনুষ্ঠিত খায়রুল সরকারের জানাজায় অংশ নেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

Read more — উত্তরাঞ্চল
Home