
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও লাল-সবুজের পতাকা রক্ষায় ধানের শীষের কোনো বিকল্প নেই। অতীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যেমন দেশ নিরাপদ ছিল, তেমনি আজও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতেই দেশ ও পতাকা নিরাপদ থাকবে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ শুক্রবার রাজশাহীর পবা–মোহনপুর আসনের কাটাখালি পৌর এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি ভোটারদের উদ্দেশে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগ শুরুর আগে মিলন কাপাসিয়া সরদারপাড়া গোরস্থানে কবর জিয়ারত করেন। পরে এক সংক্ষিপ্ত নির্বাচনী সভায় তিনি বলেন, বিএনপি জনগণের দল। বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকলে জনগণ নিরাপদ থাকে এবং দেশের সার্বভৌমত্ব সুদৃঢ়ভাবে রক্ষা পায়।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে সমাজ থেকে মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং নির্মূলে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পবা ও মোহনপুর এলাকার সার্বিক উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
এ সময় তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির কথা তুলে ধরে বলেন, এসব কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়েই একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে। নারী উন্নয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুসৃত পথ অনুসরণ করে নারীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।
মিলন বলেন, নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে পারিবারিক কার্ড নারীদের হাতে তুলে দেওয়া হবে। কৃষি উন্নয়নে কৃষি কার্ড প্রদান, খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
রাজশাহী একটি কৃষিনির্ভর জেলা উল্লেখ করে তিনি বলেন, পবা, মোহনপুর ও গোদাগাড়ীসহ বিভিন্ন উপজেলায় উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণের জন্য রাজশাহীতে একটি কৃষি ইপিজেড গড়ে তোলা হবে। পাশাপাশি কলকারখানা স্থাপন, কর্মমুখী শিক্ষার বিস্তার এবং ভবিষ্যৎ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে ক্লাস ফোর থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক বিষয় হিসেবে চালুর প্রস্তাব দেন তিনি।
গণসংযোগকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কাটাখালি পৌর বিএনপির আহ্বায়ক নুরুল ও সদস্য সচিব নাজমুল হক, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানি সুমন, জেলা কৃষক দলের সদস্য সচিব আকুল হোসেন মিঠুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

