উত্তরা প্রতিদিন
ঢাকা

নগরীতে জমে উঠেছে জামায়াত প্রার্থীর প্রচারণা

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে শঙ্কা
উত্তরা প্রতিবেদক ২২ জানুয়ারি ২০২৬, ১০:৪৪ অপরাহ্ণ
নগরীতে জমে উঠেছে জামায়াত প্রার্থীর প্রচারণা

জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর প্রথম দিনেই রাজশাহীতে শুরু হয়েছে প্রার্থীদের ব্যাপক নির্বাচনী তৎপরতা। প্রতীক বরাদ্দের পর গত বুধবার দিবাগত মধ্যরাত থেকেই নগরীর ছয়টি সংসদীয় এলাকা বিভিন্ন প্রার্থীর কাপড়ের পোস্টারে ছেয়ে যায়। আজ বৃহস্পতিবার সকাল থেকেই প্রার্থীরা নেমে পড়েন সরাসরি গণসংযোগে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাজশাহী-২ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির মহানগর নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর নির্বাচনী প্রচারণা শুরু করেন। নগরীর সাহেব বাজার বড় মসজিদের সামনে থেকে শুরু হওয়া এ প্রচারণায় তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাহেব বাজার এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন।

এ সময় তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং এলাকাবাসীর কাছে দোয়া কামনা করেন। নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, “যদিও এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড সম্পূর্ণ হয়নি। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনকে শক্ত ভূমিকা পালন করতে হবে। নির্বাচন নিয়ে মানুষের মধ্যে আগ্রহ রয়েছে। কিন্তু আমরা কিছুটা শঙ্কার মধ্যে রয়েছি। কারণ নির্বাচনে একটা দলকে বিশেষ সুবিধা দেয়া হচ্ছে। তারা দোয়া মাহফিলের নামে প্রচারণা চালানোর সুযোগ পেয়েছে।

প্রচারণা চলাকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকারসহ মহানগর ও থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এদিকে এদিন বিকেলে নগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকায় ভোটার সমাবেশে প্রধান অতিথি ছিলেন দাঁড়িপাল্লার প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। নগরীর ১নং ওয়ার্ড মহিলা জামায়াতের উদ্যোগে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা জামায়াতের অঞ্চল পরিচালিকা সাবরিনা শারমিন বনি। এতে সভাপতিত্ব করেন নগর মহিলা জামায়াতের সেক্রেটারি শাহিনা খাতুন। এসময় তারা আসন্ন গণভোটে হ্যাঁ-তে ভোট প্রদানের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি সংসদ নির্বাচনে ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন। 

 

Read more — উত্তরাঞ্চল
Home