উত্তরা প্রতিদিন
ঢাকা

নিরাপদ রাজশাহী গড়ার অঙ্গীকার মিনুর

গণসংযোগে নেতাকর্মীদের ঢল
উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২২ জানুয়ারি ২০২৬, ০৭:২০ অপরাহ্ণ
 নিরাপদ রাজশাহী গড়ার অঙ্গীকার মিনুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী–২ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, দলটির চেয়ারপারসনের উপদেষ্টা, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু নগরীর ১৫ নম্বর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছেন।

আজ বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত পথসভায় তিনি বলেন, অতীতের সরকার আমলে রাজশাহী মহানগরী নিরাপত্তাহীন হয়ে পড়েছিল। সুযোগ পেলে রাজশাহীকে আবারও নিরাপদ ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে।

মিনু বলেন, মেয়র ও এমপি থাকাকালে নগরের উন্নয়নে কাজ করেছেন। বিএনপির পর আর কাঙ্ক্ষিত ও টেকসই উন্নয়ন হয়নি বলে দাবি করেন তিনি। নির্বাচিত হলে নগরের উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং যুবসমাজের কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়া হবে। নতুন শিল্পকারখানা গড়ে তুলে স্থানীয়দের কর্মসংস্থানের ব্যবস্থা করার কথাও বলেন তিনি।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোট ও দোয়া কামনা করে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে গণসংযোগে অংশ নেওয়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং বাড়ি বাড়ি প্রচারণা জোরদারের আহ্বান জানান।

পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মিজানুর রহমান মিনুকে জয়যুক্ত করতে হবে। তার নেতৃত্বে রাজশাহী আরও সমৃদ্ধ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রচার-প্রচারণার প্রথম দিনেই ১৫ নম্বর ওয়ার্ডে বিএনপির এ গণসংযোগ কর্মসূচিতে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সপুরা, শালবাগান, ছয়ঘাটি, পাউবোসহ বিভিন্ন সড়ক, অলিগলি ও বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গণসংযোগকালে মিজানুর রহমান মিনু ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন, রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানির সংকট নিরসন ও যুবসমাজের কর্মসংস্থান নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচিত হলে ১৫ নম্বর ওয়ার্ডকে পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাহমখদুম থানা বিএনপির আহ্বায়ক সুমন সরদার, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মুনজু, সাধারণ সম্পাদক আবু জাফর, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শাহিন ইকবাল, সাবেক কাউন্সিলর শামসুন্নাহার, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউন হাসান জাহিদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Read more — উত্তরাঞ্চল
Home