
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী–৩ (পবা–মোহনপুর) আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল আলম মিলন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে তিনি পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন এবং নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন। প্রচারণাকালে তিনি পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।
এ সময় অ্যাডভোকেট শফিকুল আলম মিলন বলেন, নির্বাচনে বিজয়ী হলে পবা ও মোহনপুর এলাকার সার্বিক উন্নয়নে কাজ করা হবে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নে কাজ করেছে। ভবিষ্যতেও জনগণের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি আরও বলেন, দামকুড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে রাস্তাঘাট, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করা হবে। ভাঙাচোরা সড়ক দ্রুত সংস্কার করা হবে এবং যেসব রাস্তা এখনো কাঁচা রয়েছে, সেগুলো পাকা করার উদ্যোগ নেওয়া হবে।
পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ এবং শীতলাই রেলওয়ে স্টেশনটি চালুর উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। স্টেশনটি চালু হলে স্থানীয় মানুষের যাতায়াত সহজ হবে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দলটির নেতাকর্মীরা দীর্ঘ সময় ধরে নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। এসব পরিস্থিতি মোকাবিলা করেই বিএনপি টিকে রয়েছে বলে তিনি দাবি করেন। তিনি ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, এসব বাস্তবায়িত হলে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে।
প্রচারণাকালে এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। অনেকেই প্রার্থীর সঙ্গে কথা বলেন এবং তাকে শুভকামনা জানান। তারা আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, দামকুড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক কনক, রাজপাড়া থানা বিএনপির সাবেক সভাপতি শওকত আলী, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানি সুমনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

