উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে লুট হওয়া শর্টগানের ১৩ রাউন্ড গুলি ও পুলিশের পোশাক উদ্ধার

উত্তরা প্রতিবেদক ২২ জানুয়ারি ২০২৬, ০৫:১৮ অপরাহ্ণ
রাজশাহীতে লুট হওয়া শর্টগানের ১৩ রাউন্ড গুলি ও পুলিশের পোশাক উদ্ধার

রাজশাহীর একটি থানা থেকে লুট হওয়া শর্টগানের ১৩ রাউন্ড তাজা গুলি ও পুলিশের পোশাকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার নবগঙ্গা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৫-এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, অভিযানের সময় তাদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন কয়েকজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগ দুটি তল্লাশি করে থানা থেকে লুট হওয়া শর্টগানের ১৩ রাউন্ড তাজা গুলি, পুলিশের পোশাকের দুই সেট, দুই জোড়া বুট, দুটি বেল্ট, একটি ক্যাপ এবং ছয়টি র‌্যাংক ব্যাজ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আলামতগুলো বিধি অনুযায়ী জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও পুলিশের বিভিন্ন সরঞ্জাম পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে।

লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ ও পুলিশের অন্যান্য সরঞ্জাম উদ্ধারে র‌্যাবের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানানো হয়। 

Read more — উত্তরাঞ্চল
Home