উত্তরা প্রতিদিন
ঢাকা

দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে জামায়াত প্রার্থী আবুল কালামের গণসংযোগ শুরু

পবা প্রতিবেদক ২২ জানুয়ারি ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে জামায়াত প্রার্থী আবুল কালামের গণসংযোগ শুরু

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারের প্রথম দিনেই গণসংযোগ শুরু করেছেন রাজশাহী-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ।

নির্বাচনী তফসিল অনুযায়ী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে নওহাটা কলেজ মোড়ে অবস্থিত তাঁর নির্বাচনী কার্যালয়ের সামনে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রচারণা কার্যক্রম শুরু হয়। এ সময় দেশের জনগণ, রাষ্ট্রের স্থিতিশীলতা এবং একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন নওহাটা পৌরসভা জামায়াতে ইসলামীর আমির সুজা উদ্দিন আহমেদ। দোয়া অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

দোয়া শেষে অধ্যাপক আবুল কালাম আজাদ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ কর্মসূচি শুরু করেন। নওহাটা কলেজ মোড় থেকে শুরু হয়ে নওহাটা বাজার, থানার মোড় ও ব্রিজঘাটসহ বিভিন্ন এলাকায় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং দাড়িপাল্লা প্রতীকের লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে তিনি বলেন, আগামী নির্বাচন দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে যাচ্ছে এবং এতে জনগণের ভূমিকা মুখ্য। তিনি আরও বলেন, জনগণের সুস্থতা ও কল্যাণ নিশ্চিত করা গেলে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব।

তিনি চব্বিশের গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করে বলেন, তাঁদের আত্মত্যাগ থেকেই ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা পাওয়া যায়।

নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, জামায়াতে ইসলামী আইন ও নিয়মের প্রতি শ্রদ্ধাশীল এবং পুরো প্রচারণা জুড়ে আচরণবিধি মেনে চলবে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে দলটি সহযোগিতা করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ৯ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত প্রচার-প্রচারণা চলবে। এ সময় রাজশাহী-৩ আসনের বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণভাবে গণসংযোগ কর্মসূচি অব্যাহত থাকবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

Read more — উত্তরাঞ্চল
Home