উত্তরা প্রতিদিন
ঢাকা

ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২১ জানুয়ারি ২০২৬, ০৪:১২ অপরাহ্ণ
ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রাজশাহীর চারঘাট উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের ও ভেজাল খাদ্যপণ্য উৎপাদনের দায়ে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় দুই মণ ভেজাল গুড় জব্দ করে ধ্বংস করা হয়।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয় রাজশাহীর উদ্যোগে আজ বুধবার সকালে চারঘাট উপজেলার বিভিন্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন এবং বিক্রি-বিতরণের দায়ে চারঘাট উপজেলার রায়পুর এলাকায় অবস্থিত মেসার্স মায়ের দোয়া বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উৎপাদনে ব্যবহৃত নিষিদ্ধ রং ও কেমিক্যাল জব্দ করা হয়।

এছাড়া উপজেলার পিরোজপুর এলাকায় অবস্থিত রাসেল গুড় ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে চিনি, ডালডা, চুন ও নন-ফুডগ্রেড রং মিশিয়ে ভেজাল গুড় উৎপাদনের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রায় দুই মণ ভেজাল গুড় জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাতুল করিম মিজান। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। অভিযানে চারঘাট থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Read more — উত্তরাঞ্চল
Home