উত্তরা প্রতিদিন
ঢাকা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারী গ্রেপ্তার, মানবাধিকার প্রশ্নে তীব্র প্রতিক্রিয়া

উত্তরা প্রতিদিন বিদেশ ডেস্ক ১৮ জানুয়ারি ২০২৬, ১২:২৯ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারী গ্রেপ্তার, মানবাধিকার প্রশ্নে তীব্র প্রতিক্রিয়া

মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে সরকারবিরোধী বিক্ষোভ যখন তীব্র আকার ধারণ করেছে, ঠিক সেই সময় এক বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) কর্তৃক গ্রেপ্তারের ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি ঘিরে আইসের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করছেন মানবাধিকারকর্মী ও সাধারণ মানুষ।

 

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, বিক্ষোভ চলাকালীন মঙ্গলবার মুখোশধারী আইস কর্মকর্তারা একটি চলন্ত গাড়ি থামিয়ে ভেতর থেকে এক নারীকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে যাচ্ছেন। অনেকেই এই গ্রেপ্তারকে অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগ ও অমানবিক আচরণ বলে অভিহিত করেছেন।

 

গ্রেপ্তার হওয়া ওই নারীর নাম আলিয়া রহমান। তিনি একজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং পাশাপাশি মানবাধিকারকর্মী হিসেবেও পরিচিত। তার সঙ্গে এমন আচরণ আরও বিস্ময় ও ক্ষোভ তৈরি করেছে।

 

নিউজউইককে দেওয়া এক সাক্ষাৎকারে আলিয়া রহমান জানান, ঘটনার সময় তিনি গাড়িতে করে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। হঠাৎ করেই আইস কর্মকর্তারা তার গাড়ি থামান এবং কোনো স্পষ্ট ব্যাখ্যা ছাড়াই তাকে জোরপূর্বক টেনে বের করে আনেন।

 

আলিয়া বলেন, গ্রেপ্তারের সময় তিনি বারবার কর্মকর্তাদের জানান যে তিনি একজন প্রতিবন্ধী এবং চিকিৎসা সংক্রান্ত জরুরি প্রয়োজনে যাচ্ছিলেন। তিনি সাহায্যের জন্য চিৎকার করলেও ফেডারেল কর্মকর্তারা তার বক্তব্য আমলে নেননি। বরং তাকে হাতকড়া পরিয়ে আটক করা হয়। পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়।

 

উল্লেখ্য, এর আগেও মিনিয়াপোলিসে আইস কর্মকর্তার গুলিতে এক নারীসহ পরপর দুইজন নিহত হওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনার প্রতিবাদে পুরো সপ্তাহজুড়েই শহরটিতে সরকারবিরোধী বিক্ষোভ চলছিল। এর মধ্যেই আলিয়া রহমানকে গ্রেপ্তারের ঘটনা আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে এবং আইসের বিরুদ্ধে জনরোষ আরও তীব্র হয়েছে।

 

এই ঘটনার পর মানবাধিকার সংগঠনগুলো অভিবাসীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। পাশাপাশি, বিক্ষোভকারীরা দাবি করছেন, অভিবাসীদের প্রতি সহিংসতা ও বলপ্রয়োগ বন্ধে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।

 

Read more — আন্তর্জাতিক
Home