উত্তরা প্রতিদিন
ঢাকা

দুর্গম চরে র‌্যাবের অভিযান, তিন কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১৭ জানুয়ারি ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ণ
দুর্গম চরে র‌্যাবের অভিযান, তিন কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সীমান্তসংলগ্ন দুর্গম চর এলাকায় অভিযান চালিয়ে প্রায় তিন কোটি টাকার হেরোইনসহ এবরান আলী (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে র‌্যাব-৫-এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি দল পদ্মার ওপারের চরবাগডাঙ্গা চরে এ অভিযান চালায়। অভিযানে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১০ লাখ টাকা। শনিবার দুপুরে র‌্যাব পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তার এবরান আলী চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মাহাতাব উদ্দিন।

র‌্যাব জানায়, এবরান আলীর বাড়িতে বিপুল পরিমাণ হেরোইন মজুদ থাকার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় তাকে আটক করে বাড়িতে তল্লাশি চালালে একটি ব্যাগের ভেতরে ৩০টি প্যাকেটে রাখা হেরোইন উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, উদ্ধার করা হেরোইনসহ গ্রেপ্তার এবরান আলীকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Read more — উত্তরাঞ্চল
Home