উত্তরা প্রতিদিন
ঢাকা

টানা ১১ দিনে শৈত্যপ্রবাহ, ৮ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

উত্তরা প্রতিদিন পঞ্চগড় প্রতিবেদক ১৬ জানুয়ারি ২০২৬, ০৯:৩২ অপরাহ্ণ
টানা ১১ দিনে শৈত্যপ্রবাহ, ৮ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

পঞ্চগড়ে টানা ১১ দিন ধরে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। এর মধ্যে টানা আট দিন ধরেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলার তেঁতুলিয়ায়। আবহাওয়া অধিদপ্তর শুক্রবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়ায়, ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এ উপজেলায় তাপমাত্রা ছিল আরও ১ ডিগ্রি কম— ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে গত ৬ জানুয়ারি মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয় তেঁতুলিয়ায়। সে দিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এরপর এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেনি। ফলে টানা ১১ দিন ধরে জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে।

এদিকে চলতি মৌসুমের এই তৃতীয় দফা শৈত্যপ্রবাহের মধ্যে গত ৯ জানুয়ারি থেকে টানা আট দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় রাতের গড় তাপমাত্রা দেশের মধ্যে সর্বনিম্ন ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বৃহস্পতিবার এ তাপমাত্রা ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি। তবে দিনের তাপমাত্রা ২৬ থেকে ২৮ এর মধ্যে ওঠানামা করছে।

জিতেন্দ্রনাথ বলেন, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা ১১ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৯ এর মধ্যেই ওঠানামা করছে। মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলেছে।

স্থানীয়রা বলছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোনো কোনোদিন সূর্যের দেখা মিললে শীতের অনুভূতি কিছুটা কমে আসে। তবে বিকেল নামার আগেই ফের হিমশীতল বাতাস বইতে শুরু করলে হাড় কাঁপানো শীত ঘিরে ধরে। সন্ধ্যা-রাত-ভোর পেরিয়ে সকালেও সে বাতার অব্যাহত থাকে।

তীব্র শীতে জনজীবনও অনেকটা স্থবির হয়ে এসেছে। প্রয়োজন ছাড়া মানুষজনের ঘর থেকে বের হওয়ার প্রবণতা কমে গেছে। এর মধ্যেও জীবিকার তাগিদে কৃষকসহ শ্রমজীবীদের বের হতেই হচ্ছে। তাদের পোহাতে হচ্ছে তীব্র দুর্ভোগ। সকালে স্কুলগামী শিশু শিক্ষার্থীদেরও শীতের তীব্রতায় কষ্ট পেতে হচ্ছে।

Read more — উত্তরাঞ্চল
Home