উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী তারেকের মনোনয়নপত্র বৈধ

উত্তরা প্রতিবেদক ১৫ জানুয়ারি ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ণ
রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী তারেকের মনোনয়নপত্র বৈধ
সুলতানুল ইসলাম তারেক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর–গোদাগাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী সুলতানুল ইসলাম তারেকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত শুনানি শেষে কমিশন তার মনোনয়নপত্র বৈধ বলে আদেশ দেন।

 

এর আগে গত ৩ জানুয়ারি রাজশাহী জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আক্তার এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কারণ দেখিয়ে তারেকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। আপিল গ্রহণ করে কমিশন শুনানি শেষে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।

 

মনোনয়নপত্র বৈধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে এক প্রতিক্রিয়ায় সুলতানুল ইসলাম তারেক বলেন, শুরু থেকেই তিনি ন্যায়বিচার পাবেন বলে আশাবাদী ছিলেন। মহান আল্লাহর রহমতে তার প্রার্থিতা বৈধ হয়েছে। এতে তানোর ও গোদাগাড়ীর নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

 

তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকে এবং এলাকার মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। নির্বাচিত হলে রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান আধুনিকায়ন, বেকারত্ব লাঘব, নারী ক্ষমতায়ন এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করবেন।

Read more — উত্তরাঞ্চল
Home