উত্তরা প্রতিদিন
ঢাকা

রামেক হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত যুবকের মৃত্যু

উত্তরা প্রতিবেদক ১২ জানুয়ারি ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ণ
রামেক হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত যুবকের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোহেল রানা (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত রোববার বিকেলে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ)তে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ সোমবার দুপুরে রামেক হাসপাতাল কর্তৃপক্ষের পাঠানো প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

ডেঙ্গুতে মারা যাওয়া যুবক সোহেল রানা রাজশাহীর বাঘা উপজেলার বাসিন্দা।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, গত ৪ জানুয়ারি রাত ১২টার দিকে সোহেল রানাকে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। ভর্তির সময় তিনি টানা সাত দিন ধরে জ্বর ও কাশিতে ভুগছিলেন। পরীক্ষার পর তার শরীরে ডেঙ্গু জ্বর শনাক্ত হয়।

তিনি বলেন, চিকিৎসাধীন অবস্থায় রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ‘এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম’-এ আক্রান্ত হিসেবে শনাক্ত করেন। একই সঙ্গে তার সেপটিসেমিয়া ও একিউট কিডনি ইনজুরি (এএকেআই) জটিলতা দেখা দেয়।

ডা. শংকর কুমার বিশ্বাস আরও জানান, রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে গত ৭ জানুয়ারি সকালে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেল ৪টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। নিহত সোহেল রানার কোনো ভ্রমণ ইতিহাস ছিল না। ফলে স্থানীয়ভাবেই তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

হাসপাতালের তথ্যমতে, বর্তমানে রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত দুইজন রোগী ভর্তি রয়েছেন। তারা দুজনই পুরুষ। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো ডেঙ্গু রোগী ভর্তি হয়নি।

Read more — উত্তরাঞ্চল
Home