
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই ও রানীনগর) আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। রোববার (১১ জানুয়ারি) আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং নওগাঁর সিভিল জজ আদালত (ধামইরহাট)-এর বিচারক সাথী ইসলাম এ নোটিশ দেন।
নোটিশে উল্লেখ করা হয়, বিভিন্ন স্থানে পোস্টার ও সিএনজি অটোরিকশার পেছনে স্টিকারের মাধ্যমে নির্বাচনি প্রচার চালানো হয়েছে—এমন অভিযোগ অনুসন্ধান কমিটির কাছে এসেছে। এসব কর্মকাণ্ড জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর লঙ্ঘন বলে প্রতীয়মান হয়।
এ প্রেক্ষিতে আগামী ১৫ জানুয়ারি বেলা ১১টা ৩০ মিনিটে নওগাঁর সিভিল জজ আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন নির্বাচন কমিশনে প্রতিবেদন করা হবে না কিংবা অপরাধ আমলে নিয়ে বিচারকার্য সম্পন্ন করা হবে না—সে বিষয়ে জবাব চাওয়া হয়েছে।
এ বিষয়ে বিএনপির প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, নোটিশের বিষয়টি তিনি শুনেছেন। তাদের পক্ষ থেকে কোনো নতুন নির্বাচনি পোস্টার লাগানো হয়নি দাবি করে তিনি বলেন, সিএনজির পেছনে থাকা পোস্টারগুলো অনেক আগের এবং তাতে নির্দিষ্ট তারিখে ভোট দেওয়ার আহ্বান নেই। তিনি ১৫ জানুয়ারি স্বশরীরে হাজির হয়ে আদালতে ব্যাখ্যা দেবেন বলেও জানান।

