
রাজশাহীতে বরখাস্ত হওয়া পুলিশের উপপরিদর্শককে (এসআই) মাহবুব হাসানকে (৩৫) গণপিটুনির পর পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার রাত সাড়ে ১১টার দিকে নগরের হাজর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তার বিরুদ্ধে নিরীহ মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায়সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্র জানায়, ২০১৩ সালে নিয়োগ পাওয়া এসআই মাহবুব হাসান প্রথমে মতিহার থানায় এবং পরে ২০১৬ সালে নগর গোয়েন্দা শাখায় (ডিবি) যোগ দেন। শুরু থেকেই তার বিরুদ্ধে বেপরোয়া আচরণ, হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ ওঠে। ছাত্রজীবনে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। গত বছর ৫ আগস্টের পর দায়ের হওয়া একাধিক মামলার আসামি তিনি। এর মধ্যে ক্রসফায়ারের ভয় দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৫ লাখ টাকা আদায়ের অভিযোগে দায়ের করা মামলাও রয়েছে তার বিরুদ্ধে। নগরের গোরহাঙ্গা এলাকার ব্যবসায়ী মাসুদ রানা সরকার গত বছরের ২২ আগস্ট মামলাটি দায়ের করেন।
এছাড়া, মামলার ভয় দেখিয়ে অর্থ আদায় ও বিভিন্ন হয়রানির অভিযোগে তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে তিনি গত বছর চাকরিচ্যুত হন। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, গণপিটুনির পর হাসানকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি খাইরুল ইসলাম। জসিম উদ্দিন বক্তব্যে অভিযোগ করেন, হাসান তার দায়িত্বকালে বিএনপি-জামায়াতের অসংখ্য নেতাকর্মীকে মিথ্যা মামলায় কারাগারে পাঠান এবং সাধারণ মানুষকেও হয়রানি করেন।
ভুক্তভোগীদের অভিযোগ, ডিবিতে কর্মরত অবস্থায় হাসান রাজনৈতিক প্রতিপক্ষকে দমন, সাধারণ মানুষকে ভয়ভীতি ও চাঁদাবাজির মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেন। নগরের রেলগেট এলাকার রাজিব আলী রাতুল ও তার পরিবার এ ধরনের হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, “আটকের পর হাসানকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের থানায় তার নামে কোনো মামলা নেই। পরে তাকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।”
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, হাসানের বিরুদ্ধে চাঁদাবাজির একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। অন্যান্য অভিযোগের বিষয়েও তদন্ত চলছে। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, “মাহবুব হাসান সর্বশেষ নগর ডিবিতে কর্মরত ছিলেন। পরবর্তীতে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তাই তার বিষয়ে এখনও বিস্তারিত জানা নেই।”

