উত্তরা প্রতিদিন
ঢাকা

পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত

উত্তরা প্রতিদিন পাবনা প্রতিবেদক ৯ জানুয়ারি ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ণ
পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত

পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সীমানা জটিলতায় আপিল বিভাগের আদেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আপিল বিভাগের আদেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, গত ৫ জানুয়ারি পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে আগের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশনের গত ২৪ ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির অংশটুকু স্থগিত করেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন (ইসি) ও এক প্রার্থীর করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

পাবনা-১ আসনে একাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের মধ্যে ছিলেন বিএনপির ভিপি শামসুর রহমান, জামায়াতে ইসলামীর ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে অধ্যাপক আবু সাইয়িদ, ইউনুস আলী, মাসুদুল হক ও খায়রুন নাহার খানম। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন মো. আব্দুল গণি।

অন্যদিকে, পাবনা-২ আসনে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের মধ্যে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, সুজানগর উপজেলা জামায়াতের আমির হেসাব উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আফজাল হোসেন খান কাসেমী, জাতীয় পার্টির মেহেদী হাসান রুবেল এবং গণফোরামের নাসির উদ্দিন।

আদালতের আদেশের ফলে পাবনার এই দুই আসনে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত নির্বাচনি কার্যক্রম স্থগিত থাকবে।

Read more — উত্তরাঞ্চল
Home