উত্তরা প্রতিদিন
ঢাকা

৩৭ লাখ টাকাসহ আটক এলজিইডির নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ৫ জানুয়ারি ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ণ
৩৭ লাখ টাকাসহ আটক এলজিইডির নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

নাটোরে একটি প্রাইভেটকার থেকে প্রায় ৩৭ লাখ টাকাসহ আটক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলামের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার সকালে দুদক রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন বাদী হয়ে রাজশাহীতে এ মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামি মো. ছাবিউল ইসলাম (৪৩) বর্তমানে এলজিইডির সদর দপ্তরে নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত। এর আগে তিনি গাইবান্ধা জেলায় নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্বকালীন সময়ে গত বছরের ১৪ মার্চ নাটোরে ঢাকা-মেট্রো-ঘ-১২-৮৭৯৭ নম্বর গাড়িতে করে অন্যত্র নেওয়ার সময় তার কাছ থেকে ৩৬ লাখ ৯৫ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।

এজাহারে উল্লেখ করা হয়, জব্দকৃত টাকার প্রকৃত উৎস ও মালিকানা গোপন বা ছদ্মাবৃত করার অসৎ উদ্দেশ্যে অর্থ স্থানান্তরের মাধ্যমে তিনি মানি লন্ডারিংয়ের অপরাধ করেন। এ কাজে সহযোগিতার অভিযোগে তার গাড়িচালক শ্রী বাপ্পি কুমার দাস (৫০)-কেও মামলার আসামি করা হয়েছে।

রাজশাহী দুদকের পক্ষে মামলার বিষয়টি নিশ্চিত করে সংস্থাটির আইনজীবী বজলে তৌহিদ আল হাসান বাবলা বলেন, সোমবার সকালে দুদকের পক্ষ থেকে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি দায়ের করা হয়েছে।

Read more — উত্তরাঞ্চল
Home