উত্তরা প্রতিদিন
ঢাকা

আনন্দ-আড্ডায় ‘দৈনিক উত্তরা প্রতিদিন’-এর নবযাত্রার বর্ষপূর্তি

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ৩ জানুয়ারি ২০২৬, ০৯:৪১ অপরাহ্ণ
আনন্দ-আড্ডায় ‘দৈনিক উত্তরা প্রতিদিন’-এর নবযাত্রার বর্ষপূর্তি

ইতিহাস, ঐতিহ্য আর বন্ধনের আবহে আনন্দ-আড্ডার মধ্য দিয়ে উদযাপিত হলো উত্তরাঞ্চলের জনপ্রিয় দৈনিক উত্তরা প্রতিদিন-এর নবযাত্রার বর্ষপূর্তি। গত শুক্রবার নওগাঁর বিশ্বঐতিহ্যখ্যাত পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রাঙ্গণে দিনব্যাপী মিলনমেলা ও আনন্দ আড্ডার আয়োজন করে পত্রিকাটি।

প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহাসিক স্থাপনার ছায়ায় আয়োজিত এ অনুষ্ঠানে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত উত্তরা প্রতিদিন-এর সাংবাদিক, কলামিস্ট ও প্রতিনিধিদের মিলনমেলায় প্রাণবন্ত হয়ে ওঠে পাহাড়পুর প্রাঙ্গণ।

দৈনিক উত্তরা প্রতিদিনের প্রকাশক খন্দকার আউলিয়া রাজিব ওয়াহিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার সম্পাদক এনায়েত করিম। নওগাঁ ব্যুরো প্রধান মনিরুল ইসলাম শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আমিনুল হক। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ পিপলস সিটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মহিউদ্দিন আলমগীর, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী এবং নওগাঁ অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সদস্য এসএম জোবায়ের।

এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন প্রকাশকের সহধর্মিণী সুরাইয়া শারমিন মমি, বোন মাসুমা খন্দকার এবং দৈনিক উত্তরা প্রতিদিনের নির্বাহী সম্পাদক মৌসুমী আক্তারসহ বিশিষ্ট অতিথিবৃন্দ।

বক্তারা দৈনিক উত্তরা প্রতিদিনের অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করে বলেন, নিরপেক্ষতা ও দায়িত্বশীল সাংবাদিকতা বজায় রেখে পত্রিকাটি ইতোমধ্যেই উত্তরাঞ্চলের পাঠক-দর্শকদের আস্থার জায়গা তৈরি করেছে। এক যুগ আগে প্রকাশিত হলেও নতুন আঙ্গিকে নবযাত্রার এক বছরে প্রিন্ট, মাল্টিমিডিয়া ও অনলাইন প্ল্যাটফর্মে সংবাদ পরিবেশন করে আরও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে উত্তরা প্রতিদিন।

তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, একঝাঁক তরুণ ও মেধাবী গণমাধ্যমকর্মীর সম্মিলিত প্রচেষ্টায় ভবিষ্যতে দৈনিক উত্তরা প্রতিদিন জাতীয় পর্যায়েও একটি শক্তিশালী ও জনপ্রিয় গণমাধ্যমে পরিণত হবে।

অনুষ্ঠানের এক পর্যায়ে উত্তরা প্রতিদিনে কর্মরত কয়েকজন প্রতিবেদককে সেরা প্রতিবেদক হিসেবে মনোনীত করা হয়। অতিথিবৃন্দ তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

দিনব্যাপী এ আয়োজনজুড়ে ছিল প্রাণবন্ত আড্ডা, মতবিনিময়, স্মৃতিচারণা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। সহকর্মীদের আন্তরিক উপস্থিতি ও উৎসবমুখর আবহে বর্ষপূর্তি অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়।

Read more — উত্তরাঞ্চল
Home