
রাজশাহীতে স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় পা পিছলে পড়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম রুপা খাতুন (২৩)। তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার তিত্তরকুড়ি গ্রামের বাসিন্দা। তাঁর স্বামীর নাম মো. অনিক।
রাজশাহী রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রনি সাহা জানান, অনিক ঢাকায় একটি ফার্নিচারের কারখানায় চাকরি করেন। বৃহস্পতিবার বিকেলে স্ত্রী রুপাকে সঙ্গে নিয়ে তিনি ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন। এ সময় ট্রেনটি ছেড়ে দিলে অনিক আগে ট্রেনে উঠে স্ত্রীর হাত ধরে তাঁকে ওঠানোর চেষ্টা করেন।
ওই মুহূর্তে রুপা খাতুনের হাত ছুটে গেলে তিনি ট্রেনের নিচে পড়ে যান। তাৎক্ষণিকভাবে অনিক চলন্ত ট্রেন থেকে নেমে পড়েন। ট্রেনটি চলে যাওয়ার পর গুরুতর আহত অবস্থায় রুপাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের বরাতে জানা গেছে, দুর্ঘটনায় রুপার একটি পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া অপর পা ও মাথায় গুরুতর আঘাত পান তিনি।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, দুর্ঘটনার ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

