উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে বছরজুড়ে যে সব ঘটনা ছিল আলোচনায়

ফিরে দেখা ২০২৫
উত্তরা প্রতিবেদক ১ জানুয়ারি ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ
রাজশাহীতে বছরজুড়ে যে সব ঘটনা ছিল আলোচনায়
ফাইল ছবি

আজ বৃহস্পতিবার, ২০২৬ সালের প্রথম দিন, উঠেছে নতুন বছরের সূর্য। নানা ঘটনা ও অঘটনের মধ্য দিয়ে ২০২৫ সাল কেটেছে রাজশাহীর মানুষের। এ বছরের রাজশাহীর কয়েকটি ঘটনা দাগ কেটেছে জাতীয় জীবনেও। বছরের শেষের দিকে বিষাদময় তিনটি ঘটনা রাজশাহীর মানুষের মনেও দারুনভাবে প্রভাব ফেলে। মানুষের আলোচনার রেশ ছিলো এসব ঘটনা। এছাড়া নানা ঘটনায় বছরজুড়ে আলোচনায় ছিল রাজশাহী। 

 

বছরটিতে বেশ কয়েকটি মর্মান্তিক ঘটনা দেশজুড়ে মানুষের মনকে নাড়া দেয়। এরমধ্যে একটি গভীর নলকূপের গর্তে পড়ে শিশু সাজিদের মৃত্যু। এছাড়া অভাবের তাড়নায় একই পরিবারের তিনজনকে হত্যার পর কৃষকের আত্মহত্যা ও বিচারকের ভাড়া বাড়িতে ঢুকে ছেলেকে খুনের ঘটনা আলোচনা ছিল মানুষের মুখে মুখে।

 

রাজশাহীতে বছরের সবচেয়ে বিষাদময় ও আলোচিত ঘটনা ছিলো ডিসেম্বরের ১০ তারিখে। ওইদিন বছরের সবচেয়ে আলোচিত ঘটনার মধ্যে ছিল ৫০ ফুট গভীর নলকূপের অরক্ষিত গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদের উদ্ধার অভিযান। গত ১০ ডিসেম্বর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে শিশু সাজিদ নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ৫০ ফুট মাটি খনন করে ৩২ ঘণ্টার অবিরাম শ্বাসরুদ্ধকার অভিযানের পর শিশুটিকে ৩২ ঘণ্টা পর অচেতন অবস্থায় উদ্ধার করেন। তাকে উদ্ধারের পরে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাটি ছিলো যেমন হৃদয় বিদারক তেমনই মর্মস্পয়ী। শিশু সাজিদের এ ঘটনা দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া এ ঘটনা আলোচিত হয় দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও। জাতীয় পর্যায়েও এ ঘটনার প্রভাব ফেলে। এখনো মানুষের মুখে মুখে উচ্চারিত হয় শিশু সাজিদের গর্তে পড়ে মৃত্যুর ঘটনা।

 

একই বছরের ১৩ নভেম্বর রাজশাহী নগরীতে ঘটে আরেকটি ঘটনা। এদিন নগরীর রাজপাড়া থানার ডাবতলায় এলাকায় রাজশাহী মহানগর দায়রা জজের ভাড়া ফ্ল্যাটে অভিযুক্ত লিমন মিয়া কৌশলে প্রবেশ করে তার ছেলে তাওসিফ রহমানকে ছুরিকাঘাতে হত্যা করে। তার স্ত্রী তাসমিন নাহার লুসিকে জখম করে। এসময় লিমন নিজেও আহত হন। 

 

এ ঘটনার পরে বিচারক বাদী হয়ে রাজপাড়া থানায় মামলা দায়ের করলে হাসপাতাল থেকে লিমন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরে লিমনকে পাঁচ দিনের রিমান্ড নেয় পুলিশ। এছাড়া পুলিশ হেফাজতে থাকা আসামির বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় তৎকালীন পুলিশ কমিশনারকে আদালতে তলব করা হয়। দায়িত্বে অবহেলায় চার পুলিশ সদস্যকে রাজশাহী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এ ঘটনাটিও একটি বিষাদময় ঘটনা। যা সারাদেশে আলোচিত হয়। সাড়া ফেলে জাতীয় পর্যায়েও। এ ঘটনার পর সারাদেশে বিচারকদের নিরাপত্তার নিশ্চিত করা হয় সরকারি আদেশে। 

এ বছরের ১৫ আগস্ট অভাবের তাড়নায় একই পরিবারের ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটে জেলার পবা উপজেলার বামনশিকড় এলাকায়। মিনারুল ইসলাম নামের এক কৃষক তার স্ত্রী মনিরা বেগম, ছেলে মাহিম ও মেয়ে মিথিলাকে হত্যার পর নিজেও আত্মহত্যার করেন। তার মৃত্যুর ঘটনায় আলাদা দুটি মামলা হয়। চারজনের মৃত্যুর শোক কাটতে না কাটতে লাখ টাকা ঋণ করে চল্লিশা করে পরিবারটি। রাজশাহীর এ ঘটনাটি ব্যাপক আলোচনায় আসে দেশজুড়ে। আত্মহত্যাকারি মিনারুলের নিজ হাতে লেখা দুটি চিরকুটে তিনজনকে হত্যার পর নিজেও পৃথিবীর মায়া ছাড়ার কথা আলোচিত হয় সমানভাবে। এ ঘটনাটিও ছিলো রাজশাহীর বিষাদময় ঘটনার একটি। 

 

এছাড়া ১৪ এপ্রিল রাজশাহীর বাঘার আড়ানী রেলস্টেশনে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বৃদ্ধ রুহুল আমিন (৬০)। তার ট্রেনের নিচে ঝাঁপ দেওয়ার ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আলোচনায় আসে এ ঘটনাও।

 

২৭ অক্টোবর রাজশাহীর বাঘার চরে কুষ্টিয়ার দৌলতপুরের কাঁকন ও মণ্ডল গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় বাঘার আমান মণ্ডল, নাজমুল হোসেন ও কুষ্টিয়ার লিটনের মৃত্যু হয়। এনিয়ে মামলা হলে পুলিশ অপারেশন ফার্স্ট লাইট শুরু করে। 

 

গেল ২ ফেব্রুয়ারি রিকশাচালককে পিটিয়ে বরখাস্ত হন রাজশাহীর সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান। পরবর্তীতে তাকে বগুড়ার দুপচাচিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। এছাড়া গেল ২১ জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম। তৌকিরের বাড়ি রাজশাহী উপশহর এলাকায়।

 

বছরের ২৮ জুলাই রাজশাহীতে বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতের পরিচয়ধারী ১২৩ জন ‘চাঁদাবাজের’ নাম সংবলিত একটি তালিকা রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে। এই তালিকায় বিএনপি, ছাত্রদল ও তাদের সহযোগী সংগঠনের ৪৪ জন নেতা-কর্মী, ক্যাডার, সমর্থকের নাম পরিচয় প্রকাশ করা হয়। তাতে আওয়ামী লীগের ২৫ জন ও জামায়াতের ৬ জনের নাম ছিলো। যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার ঝড় তোলে।

 

Read more — উত্তরাঞ্চল
Home