উত্তরা প্রতিদিন
ঢাকা

পুঠিয়ায় ট্রাক উল্টে ৪ কলা ব্যবসায়ী নিহত

উত্তরা প্রতিবেদক ১ জানুয়ারি ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ণ
পুঠিয়ায় ট্রাক উল্টে ৪ কলা ব্যবসায়ী নিহত

ঘন কুয়াশার কারণে রাজশাহীর পুঠিয়া উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন কলা ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজারের কলার হাটে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, সকালবেলা ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে গেলে একটি দ্রুতগতির বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতরে ঢুকে পড়ে। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন কলা ব্যবসায়ীকে চাপা দিয়ে উল্টে যায় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং আরও একজন গুরুতর আহত হন।

নিহত ও আহতরা সবাই ঝলমলিয়া কলার হাটে কলা কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। প্রতিদিনের মতো ভোরে তারা হাটে অবস্থান করছিলেন বলে জানান স্থানীয়রা। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সদস্যরা হতাহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ফায়ার সার্ভিস এক বিজ্ঞপ্তিতে জানায়, সকাল ৭টা ৫০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ৭টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ইউনিট। পুঠিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ও নাটোর ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধারকাজে অংশ নেয়। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ২ কিলোমিটার। এ ঘটনায় চারজন নিহত ও একজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

এ বিষয়ে পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ঝলমলিয়া বাজারে কলা বেচাকেনার স্থানে একটি বালুঝোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। অপর একজনের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

Read more — উত্তরাঞ্চল
Home