
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ড. ফজলুল করীম।
সোমবার বিকেল সাড়ে ৪টায় রাজশাহীর রাজপাড়ায় অবস্থিত বাংলাদেশ নির্বাচন কমিশনের কার্যালয়ে থানা নির্বাচন কর্মকর্তা জেবুন্নেছার কাছে তিনি আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমাদানের সময় তার সঙ্গে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা হোসাইন আহমেদ, সহ-সভাপতি আলহাজ্ব ফয়সাল হোসেন মনি, সেক্রেটারি আব্দুল্লাহ সুজন, জয়েন্ট সেক্রেটারি ইসাহাক ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, দপ্তর সম্পাদক আজিজুল হকসহ ইসলামী যুব আন্দোলনের সহ-সম্পাদক, সেক্রেটারি এবং সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
মনোনয়ন জমা দেওয়ার পর ড. ফজলুল করীম সাংবাদিকদের বলেন, রাজশাহী-২ আসনের তরুণ-তরুণীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, মাদক নির্মূল, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সুষম উন্নয়ন নিশ্চিত করতেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। জনগণ তাকে নির্বাচিত করলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে একটি কল্যাণমুখী সমাজ গঠনের লক্ষ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে।
মনোনয়ন জমাদানকে কেন্দ্র করে নির্বাচন অফিস চত্বরে নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

