উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মহোৎসব বড়দিন উদযাপন

উত্তরা প্রতিবেদক ২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ণ
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মহোৎসব বড়দিন উদযাপন

রাজশাহীতে নানা কর্মসূচি ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে মহানগরীর ডিঙ্গাডোবা চার্চসহ বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় ডিঙ্গাডোবা চার্চে ঘণ্টাব্যাপী প্রার্থনায় বাংলাদেশসহ সমগ্র বিশ্বের মানুষের শান্তি, সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। প্রার্থনা শেষে বড়দিনের কেক কাটা হয়। পরে ধর্মীয় সংগীত, গান ও নৃত্যের মাধ্যমে আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন করেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন।

এছাড়াও সিটি চার্চসহ রাজশাহী মহানগরীর বিভিন্ন উপাসনালয়ে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। বড়দিনকে কেন্দ্র করে রাজশাহীর আদিবাসী খ্রিস্টান পল্লীগুলোতেও বিরাজ করে উৎসবের আমেজ।

ডিঙ্গাডোবায় অবস্থিত উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জায় আয়োজিত উৎসবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার ড. মো. জিললুর রহমান, রাজশাহী বিভাগীয় ধর্মপ্রদেশের প্রধান বিশপ জের্ভাস রোজারিওসহ মহানগর ও জেলার বিভিন্ন গির্জার ধর্মীয় নেতৃবৃন্দ।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সার্বজনীন প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বড়দিনের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে খ্রিস্টান সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এদিকে বড়দিন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহানগরীর বিভিন্ন চার্চ ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মহানগর পুলিশ।

Read more — উত্তরাঞ্চল
Home