
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কৃষি সার বিক্রির দায়ে এক সার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকারে তার কাছ থেকে মুচলেকা আদায় করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের বাইপাস উজানপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানটি হলো মেসার্স হাসান ট্রেডার্স। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. হাসান আলী।
রাজশাহী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস জানান, অভিযোগের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, ব্যবসায়ী সরকারি নির্ধারিত দরের চেয়ে বেশি মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি করছিলেন। এছাড়া দোকানে সারের কোনো হালনাগাদ মূল্যতালিকা টানানো ছিল না এবং বিক্রির সময় ক্রেতাদের কাছে মূল্য রশিদও দেওয়া হচ্ছিল না।
তিনি আরও বলেন, এসব অনিয়ম ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সুস্পষ্ট লঙ্ঘন। অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে অতিরিক্ত দামে সার বিক্রি না করার শর্তে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
সহকারী পরিচালক বিপুল বিশ্বাস জানান, কৃষকদের স্বার্থ রক্ষা এবং বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করতে রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

