উত্তরা প্রতিদিন
ঢাকা

শিশুদের প্রতি যৌন শোষণ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান

রাজশাহীতে শিখন সংলাপ
উত্তরা প্রতিবেদক ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ণ
শিশুদের প্রতি যৌন শোষণ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান

 

শিশুদের প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে সমন্বিত উদ্যোগ আরও জোরদারের আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্যে বিদ্যমান উদ্যোগের চ্যালেঞ্জ, সীমাবদ্ধতা ও করণীয় পর্যালোচনায় রাজশাহীতে একটি শিখন সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার নগরীর বোয়ালিয়া ক্লাবের কনফারেন্স কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা এসিডির আয়োজনে এ শিখন সংলাপ অনুষ্ঠিত হয়।

‘চিলড্রেন নো বেটার: মেকিং চাইল্ড পার্টিসিপেশন দ্য কি টু ইমপ্রুভিং ইফেকটিভনেস অব অ্যাকশন এগেইনস্ট সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন’ শীর্ষক প্রকল্পের আওতায় এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী অ্যাকপেট ইন্টারন্যাশনালের সহায়তায় সংলাপটি আয়োজন করা হয়।

শিখন সংলাপে শিশুদের বাস্তব অভিজ্ঞতা ও মতামতের আলোকে জাতীয় পর্যায়ে কার্যকর নীতি ও কর্মপরিকল্পনা প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাবের আলী। তিনি বলেন, শিশু সুরক্ষা একটি সমন্বিত দায়িত্ব। প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা ও শেখাগুলো নিয়মিত পর্যালোচনা ও প্রয়োগ করা গেলে টেকসই ও কার্যকর পরিবর্তন সম্ভব। তিনি জেলা পর্যায়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও উন্নয়ন সংস্থার মধ্যে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব দেন।

এসিডির প্রকল্প সমন্বয়কারী মো. আলী আহমেদ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসিডির টিম লিডার সুব্রত কুমার পাল।

সংলাপে অংশগ্রহণকারীরা প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা তুলে ধরে শিশু সুরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা, ভালো চর্চা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা করেন। আলোচনায় শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় সরকার, আইন প্রয়োগকারী সংস্থা ও সেবাদানকারী প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা বলেন, শিশুদের প্রতি যৌন শোষণ প্রতিরোধে শিশু-কেন্দ্রিক, সমন্বিত ও প্রমাণভিত্তিক উদ্যোগ আরও জোরদার করা জরুরি। মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও অর্জিত শেখার আলোকে সরকারি ও বেসরকারি সমন্বয় বাড়ানো গেলে শিশু সুরক্ষা কার্যক্রম আরও কার্যকর হবে।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য ও প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উপস্থিত অন্যান্যদের মধ্যে ছিলেন—রাজশাহী জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শরিফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মনিরা খাতুন, জেলা শিক্ষা অফিসার মো. জায়েদুর রহমান এবং বিমানবন্দর থানার ইনচার্জ মাসুমা মোস্তারি।

Read more — উত্তরাঞ্চল
Home