
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী দলের জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের পিপি ও রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম।
মনোনয়ন ফরম উত্তোলন শেষে রাজশাহী বিসিক এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, দেশকে এগিয়ে নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন অত্যন্ত জরুরি। তিনি ২০২২ ও ২০২৩ সালেই এই ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি দৃঢ়ভাবে কাজ করে যাবে।
তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র এবার আর জনগণ মেনে নেবে না। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যদি কোনো নির্দিষ্ট দলের পক্ষে কাজ করে, তাহলে সেটি হবে অত্যন্ত দুঃখজনক। জনগণ এবার তা কোনোভাবেই মেনে নেবে না।
নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানিয়ে মিলন বলেন, এবারের নির্বাচন হবে সম্পূর্ণ নিরপেক্ষ। ইতোমধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে। তাই তিনি এখনই ভোট চাইছেন না। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তিনি ধানের শীষ প্রতীকে ভোট চাইবেন। বর্তমানে তিনি এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের পক্ষে প্রচারণা চালাচ্ছেন এবং ভবিষ্যতে বিএনপি জনগণের জন্য কী করবে তা তুলে ধরছেন।
মনোনয়ন উত্তোলন শেষে পিপি অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম বলেন, মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রার্থী, দলের নেতাকর্মী এবং সাধারণ জনগণ সবাই নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ধানের শীষের পক্ষে জনমত তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী জেলা শাখার সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাকিবুল ইসলাম পিটার, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ ও আব্দুস সালাম মাস্টার, কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক খুশবুর রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন ও সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী, জিয়া পরিষদ রাজশাহী জেলা কমিটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার অধ্যাপক আকতারুজ্জামান ও মোজাফ্ফর হোসেন মুকুলসহ পবা-মোহনপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

